অর্ডারের আগে এক দাম, পেমেন্টের সময় আরেক! Zepto, BookMyShow, IndiGo সহ ৯ অ্যাপকে ২০ লাখ জরিমানা
Online Order: ডার্ক প্যাটার্ন নিয়েই কড়া পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার। সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথারিটি (CCPA) মোট নয়টি ডিজিটাল প্ল্যাটফর্মকে জরিমানা করল ওয়েবসাইট ও অ্যাপে ডার্ক প্যাটার্ন ব্যবহারের জন্য। রাজ্যসভাতেও এই বিষয়ে জানানো হয়েছে।

নয়া দিল্লি: সবজি কেনা হোক বা সিনেমার টিকিট- এখন অনেকেই আর বাড়ির বাইরে যেতে পছন্দ করেন না, অনলাইনেই অর্ডার করে নেন প্রয়োজনীয় জিনিস। অর্ডার করার সময় এক দাম দেখালেও, যখন পেমেন্ট করতে যান, তখন বিল বেড়ে যায়। তখন যোগ হয়ে যায় হ্যান্ডেলিং ফি (Handling Fee)। আবার মেম্বারশিপও যোগ হয়। অনেক সময় ছোট ডোনেশন দিতে হয়। এক্সট্রা সার্ভিস চার্জ (Extra Service Charge) অ্যাড হয়ে যায়।
প্রথম প্রথম এই অঙ্ক খুব একটা গায়ে না লাগলেও, যখন দিনভর বা মাস জুড়ে অনলাইন ট্রানজাকশন করেন, তখন এই অঙ্ক অনেকটাই বেড়ে যায়। এবার এই ডার্ক প্যাটার্ন নিয়েই কড়া পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার।
সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথারিটি (CCPA) মোট নয়টি ডিজিটাল প্ল্যাটফর্মকে জরিমানা করল ওয়েবসাইট ও অ্যাপে ডার্ক প্যাটার্ন ব্যবহারের জন্য। রাজ্যসভাতেও এই বিষয়ে জানানো হয়েছে।
কোন কোন অ্যাপের জরিমানা?
জানা গিয়েছে, জেপ্টো (Zepto), বুকমাইশো (BookMyShow), ইন্ডিগো (IndiGo), ফিজিক্সওয়ালা (Physics Wallah) -কে জরিমানা করা হয়েছে। সিসিপিএ জানিয়েছে, অ্যাপে প্রাথমিকভাবে যে দাম দেখানো হয়েছে, পরে বিলিং বা পেমেন্টের সময় তাতে হ্যান্ডেলিং চার্জ, মেম্বারশিপ ফি যোগ করে মোট দাম অনেক বেশি বেড়ে যায়। এটিকে ড্রিপ প্রাইজিং (drip pricing) বলে, যেখানে প্রাথমিকভাবে একটি দাম দেখানো হলেও, পরে গ্রাহককে বেশি দাম দিতে হয়। এই জন্য জেপ্টোকে ৭ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
একইভাবে বুকমাইশো (BookMyShow)-কে জরিমানা করা হয়েছে বুক অ্যা স্মাইল (BookASmile) নামক চ্যারিটি উদ্যোগের জন্য এক টাকা নেওয়ার জন্য। তাদের এই চার্জ সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।
ফিজিক্সওয়ালা-কে পাঁচ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে ১০ টাকা ডোনেশন নেওয়ার জন্য।
