
কলকাতা: মালদহের কালিয়াচকে বিচারকদের হেনস্থার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসছে। জানা যাচ্ছে, এই হেনস্থার ঘটনার সাত দিন আগেই জেলা জজের মাধ্যমে জেলাশাসককে চিঠি দেন বিচারকরা। চিঠির ছত্রে-ছত্রে নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেন বিচারকরা।
চিঠিতে কী লিখেছিলেন বিচারকরা?
সংশ্লিষ্ট চিঠিতে লেখা ছিল, ‘চূড়ান্ত তালিকা প্রকাশের দিন এগিয়ে আসছে। কালিয়াচক-২ বিডিও অফিসের পরিবেশ ক্রমেই স্পর্শকাতর হয়ে উঠছে। যে সকল ব্যক্তিরা অযোগ্য বিবেচিত হয়েছেন, তাঁরা নিরাপত্তা বিঘ্নিত করতে পারেন। আমাদের যাতায়াতের সময় রাস্তায় যে কোনও কিছুই ঘটতে পারে।” এখন প্রশ্ন উঠছে বিচারকরা আগেই যখন আন্দাজ করেছিলেন তারপরও কেন তাঁদের নিরাপত্তা দেওয়া গেল না?
এখানেই শেষ নয়, একই সঙ্গে পরিকাঠামোর অভাব নিয়েও সরব হয়েছিলেন তারা। ১৮ মার্চ পুরনো জেলাশাসক পরিবর্তন করে নতুন জেলা শাসক আসেন। গত ২৩ মার্চ এই চিঠি লেখা হয়েছিল। সূত্র মারফত খবর, চিঠিটি নাকি জেলা শাসকের দফতরেই আসেনি। ইমেল মারফত কোনও চিঠি এলে সেটা খতিয়ে দেখা যেতে পারত।
কমিশন সেদিনের ঘটনার পর জেলা শাসকের কাছে জানতে চায় কেন ব্লক অফিসে বসেছেন জুডিশিয়াল অফিসাররা। জানা গিয়েছে, জেলা জজের তিনজনের কমিটি এই জায়গা ঠিক করে দিয়েছিল। কমিশনের বক্তব্য, বারবার হাইকোর্টে তারা স্পষ্ট করেছেন, SDO/DMঅফিস ছাড়া কোথাও বসবেন না। তারপরেও ওই কমিটি কেন এই সিদ্ধান্ত নিল? জেলা শাসকের বক্তব্য, নিরাপত্তার যথেষ্ট ব্যবস্থা সেখানে ছিল।