Newtown: হাতে পেট্রোলের বোতল, ‘ধূমপান নিষিদ্ধ’ জায়গায় সিগারেট ধরালেন যুবক, তারপরই শিউরে উঠলেন সবাই

Youth burnt: খালে নেমে অগ্নিদগ্ধ যুবককে উদ্ধার করেন চিন্ময় বারুই নামে এক ব্যক্তি। তিনি বলেন, "ওই যুবক খালে ঝাঁপ দেওয়ার পর আমি জলে নেমে সাঁতরে তাঁর কাছে যাই। তাঁকে উদ্ধার করি।" তবে তাঁর অভিযোগ, অনেকে আশপাশে থাকলে জলে নেমে কেউ উদ্ধারে এগিয়ে আসেনি।

Newtown: হাতে পেট্রোলের বোতল, ধূমপান নিষিদ্ধ জায়গায় সিগারেট ধরালেন যুবক, তারপরই শিউরে উঠলেন সবাই
কী বলছেন প্রত্যক্ষদর্শীরা?Image Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Mar 10, 2026 | 8:43 PM

নিউটাউন: হাতে পেট্রোলের বোতল। সেই বোতল হাতে নিয়ে খাবার খেতে ঢুকে পড়লেন হোটেলে। দেওয়ালে লেখা ‘ধূমপান নিষিদ্ধ’। সেখানে বসেই পেট্রোলের বোতল হাতে নিয়ে সিগারেট ধরালেন যুবক। তারপরই আচমকা পেট্রোলে আগুন লেগে গেল। যুবকের গায়েও আগুন লেগে যায়। প্রাণ বাঁচাতে হোটেলের পাশের খালে ঝাঁপ দিলেন ওই যুবক। ঘটনায় অগ্নিদগ্ধ হলেন আরও এক যুবক। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে নিউটাউনের জ্যোতিনগরে। দুই যুবককে নিউটাউন থানার পুলিশ চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে। যে যুবকের হাতে পেট্রোলের বোতল ছিল, তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, এদিন জ্যোতিনগরের রাস্তার ধারে ওই হোটেলে খাবার খেতে এসেছিলেন ওই যুবক। বাইকের তেল ভরার জন্য তাঁর হাতে পেট্রোলের বোতল ছিল। প্রত্যক্ষদর্শীরা বলেন, হাতে পেট্রোলের বোতল নিয়েই তিনি ধূমপান করছিলেন। হঠাৎ করে আগুনের ফুলকি পড়ে যায় পেট্রোলের বোতলে। সেখান থেকেই আগুন ধরে যায়। তাঁকে বাঁচাতে গিয়ে অন্য যুবকও অগ্নিদগ্ধ হন।

ঘটনাটি ঘিরে শোরগোল পড়ে যায়। জলে ঝাঁপ দেওয়ার পর ওই যুবক ডুবে যান। আশপাশের লোকজন দৌড়ে আসেন। একজন জলে ঝাঁপ দিয়ে বেশ কিছুক্ষণের চেষ্টায় তাঁকে উদ্ধার করেন। খবর পেয়ে আসে নিউটাউন থানার পুলিশ। এক প্রত্যক্ষদর্শী বলেন, “হাতে পেট্রোলের বোতলে কোনওভাবে আগুন লেগে যায়। সেখান থেকেই গায়ে আগুন লাগে। আর সেই অবস্থায় ওই যুবক খালে ঝাঁপ দেন। সেইসময় অন্যজনের হাতে আগুন লাগে। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর যিনি খালে ঝাঁপ দিয়েছিলেন, তাঁকে অনেক কষ্টে সেখান থেকে উদ্ধার করা হয়। তাঁর অবস্থা গুরুতর।”

খালে নেমে অগ্নিদগ্ধ যুবককে উদ্ধার করেন চিন্ময় বারুই নামে এক ব্যক্তি। তিনি বলেন, “ওই যুবক খালে ঝাঁপ দেওয়ার পর আমি জলে নেমে সাঁতরে তাঁর কাছে যাই। তাঁকে উদ্ধার করি।” তবে তাঁর অভিযোগ, অনেকে আশপাশে থাকলে জলে নেমে কেউ উদ্ধারে এগিয়ে আসেনি।

Follow Us