
কলকাতা: যুবভারতী-কাণ্ডে অবশেষে মুখ খুললেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। গত শনিবার যে ঘটনা ঘটেছে, তারপর থেকে বিরোধীদের ছোড়া তীরে ক্রমেই বিদ্ধ হয়েছে শাসকদল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ক্ষমা প্রার্থনা করেছেন। মঙ্গলবার আবার ক্রীড়ামন্ত্রী নিজের পদ থেকে অব্যাহতি চেয়েছেন। তবে বিরোধীদের আক্রমণ থামছিল না। বিশেষ করে বিজেপি একের পর এক অভিযোগ শানিয়ে যাচ্ছিল তৃণমূলের দিকে। অবশেষে মঙ্গলবার যুবভারতী প্রসঙ্গে বিজেপিকে পাল্টা দিলেন অভিষেক। প্রসঙ্গ তুলে আনলেন কুম্ভ মেলারও।
যুবভারতী-কাণ্ডর পর শনিবার থেকে তৃণমূলের মুখপাত্ররা মুখ খুললেও বিগত দু’দিন এই ইস্যুতে প্রকাশ্যে কোনও মন্তব্য করতে দেখা যায়নি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। তবে, আজ অর্থাৎ ১৬ ডিসেম্বর সংস্থা এএনআই (ANI)-কে সাক্ষাৎকারে তিনি বলেন, “যুবভারতী ক্রীড়াঙ্গনে যা হয়েছে তার এক ঘণ্টার মধ্যে মাননীয়া মুখ্যমন্ত্রী ক্ষমা চেয়েছেন। ইতিমধ্যেই ব্যবস্থা নেওয়া হয়েছে পুলিশকর্তা থেকে শুরু করে মন্ত্রীদের বিরুদ্ধে। তারপরেও আমাদের কেন বারবার প্রশ্নের মুখে দাঁড়াতে হচ্ছে?”
তারপরই অভিষেকের পাল্টা খোঁচা, “কুম্ভমেলাতেও এতজন মারা গিয়েছিলেন। আপনারা (সাংবাদিকদের) যোগী আদিত্যনাথকে প্রশ্ন করেছিলেন? সুকান্ত মজুমদারকে প্রশ্ন করেছিলেন? নয়া দিল্লি রেলওয়ে স্টেশনে যখন পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছিল, সেই সময় আপনারা প্রশ্ন করেছিলেন বিজেপির নেতা-মন্ত্রীকে? বাংলায় যে ঘটনা ঘটেছে ১ ঘণ্টার মধ্যে মুখ্য়মন্ত্রী ক্ষমা চেয়েছেন।”
অভিষেক বলেছেন, “যার মধ্যে জীবনশক্তি আছে সেই বিনয়ী। আর যার প্রাণ নেই সে শক্ত। আমরা তো জনতার সামনে মাথানত করেছি। যার বিরুদ্ধে অভিযোগ সেই পুলিশ অফিসার থেকে আয়োজক-মন্ত্রী সকলের বিরুদ্ধে পদক্ষেপ করা হচ্ছে। তাহলে কীভাবে এই প্রশ্ন উঠছে? কালো টাকা সামনে এসেছে? ৫০০০ হাজার দিন হয়েছে? কুম্ভমেলায় যা হয়েছে তা নিয়ে ক্ষমা চেয়েছে?” এখানে উল্লেখ্য, শনিবার যখন যুবভারতীতে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল, মুখ্যমন্ত্রী নিজে মাঝ পথ থেকে গাড়ি ঘুরিয়ে ফিরে গিয়েছিলেন। তারপর নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করে লিখেছিলেন, ‘সল্টলেক স্টেডিয়ামে চূড়ান্ত অব্যবস্থা দেখা গিয়েছে। আমি গভীরভাবে মর্মাহত ও বিস্মিত। প্রিয় ফুটবলার লিওনেল মেসির এক ঝলক দেখার আশায় হাজার হাজার ক্রীড়াপ্রেমী ও সমর্থকের সঙ্গে আমিও স্টেডিয়ামের উদ্দেশে রওনা হয়েছিলাম। এই অনভিপ্রেত ঘটনার জন্য লিওনেল মেসি-সহ সকল ক্রীড়াপ্রেমী ও তাঁর অনুরাগীদের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি।” আজ সেই বিষয়টিই উল্লেখ করলেন অভিষেক।