Adhir Ranjan Chowdhury: ‘দুর্গাপুজোয় তো অনেকদিন ছুটি থাকে..’, ইদে তিনদিন ছুটির জন্য মমতাকে চিঠি অধীরের
Eid: সংবাদিকদের মুখোমুখি হয়ে নিজেই মুখ্যমন্ত্রীকে চিঠি লেখার কথা জানান অধীর। বলেন, “ইদের দিন এতদিন একদিন ছুটি দেওয়া হয়। আমি সেটাই তিনদিন করতে বলছি। যেমন দুর্গাপুজোতে কয়েকদিন ধরে উৎসব পালিত হয়, তেমনই ইদেও কয়েকদিন ধরে উৎসব পালিত হয়। অন্তত যেন তিন দিন দেওয়া হোক। ইদের আগের দিন, ইদের দিন ও ইদের পরের দিন যেন ছুটির ব্যবস্থা করা হয়।”

কলকাতা: ইদের ছুটি বাড়িয়ে তিন দিন করার দাবি প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীকে চিঠিও লিখে ফেলেছেন তিনি। শুধু ছুটি নয়, রমজান মাসে রেশন বরাদ্দ সহ জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণেরও দাবি জানিয়েছেন তিনি। ভোটের মুখে অধীরের দাবি ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক তরজা।
সংবাদিকদের মুখোমুখি হয়ে নিজেই মুখ্যমন্ত্রীকে চিঠি লেখার কথা জানান অধীর। বলেন, “ইদের দিন এতদিন একদিন ছুটি দেওয়া হয়। আমি সেটাই তিনদিন করতে বলছি। যেমন দুর্গাপুজোতে কয়েকদিন ধরে উৎসব পালিত হয়, তেমনই ইদেও কয়েকদিন ধরে উৎসব পালিত হয়। অন্তত যেন তিন দিন দেওয়া হোক। ইদের আগের দিন, ইদের দিন ও ইদের পরের দিন যেন ছুটির ব্যবস্থা করা হয়।” কিন্তু ভোটের আগেই এই দাবি কেন? প্রশ্ন ঘুরছে রাজনৈতিক মহলে। কটাক্ষ করতে ছাড়ছে না তৃণমূল কংগ্রেস।
খোঁচা দিচ্ছেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয় প্রকাশ মজুমদার। তিনি বলছেন, “এগুলো হচ্ছে আসলে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা। সম্পূর্ণভাবে একটা সাম্প্রদায়িক রাজনীতি পশ্চিমবঙ্গে তৈরি করার চেষ্টা করছেন অধীরবাবু। এই বিষয়ে নিশ্চয় উপযুক্ত সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন। এ বিষয়ে কোনও সন্দেহ নেই। তিনি সব ধর্মের জন্যই, ধর্মাচারণের জন্যই, সবরকমের সুযোগ-সুবিধা করে দেন।” এরপরই অধীরের দিকে প্রশ্নবান ছুঁড়ে দিয়ে বলেন, “অধীরবাবু হঠাৎ আজকে এ কথা বলছেন কেন? ইদ কী এ বছরের প্রথম হচ্ছে! নাকি এটা শুধু পশ্চিমবঙ্গের জন্য! এই সব ছেদো কথা বলার কোনও অর্থ হয় না। এটা না মুসলমানদের কথা ভেবে, না পশ্চিমবঙ্গের কথা ভেবে। উনি শুধু চাইছেন ঘোলা জল তৈরি করতে। উনি যখন আরও অনেক বেশি ক্ষমতা পেয়েছিলেন তখন এসব কথা মনে হয়নি কেন?”
