Election Commission: ফের ভোটের কাজে? বদলি করা পুলিশ অফিসারদের নিয়ে বড় নির্দেশ কমিশনের
West Bengal assembly election 2026: গত ১৫ মার্চ ভোটের দিনক্ষণ ঘোষণা করে কমিশন। তারপরই রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজিপি, কলকাতার পুলিশ কমিশনার বদলে দেয়। একাধিক জেলার পুলিশ সুপারকে বদলি করা হয়েছে। এমনকি, রাজ্যজুড়ে বহু থানার ওসিকে বদলানো হয়েছে।

কলকাতা: নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার পরপরই রাজ্যে পুলিশ-প্রশাসনে বড় বদল করেছে নির্বাচন কমিশন। একাধিক পুলিশ অফিসারকে সরিয়ে দেওয়া হয়েছে। কমিশনের নির্দেশ, ভোট শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন সংক্রান্ত কাজে যুক্ত থাকতে পারবেন না বদলি হওয়া পুলিশ অফিসাররা। রাজ্য পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে বদলি হওয়া অফিসারদের নিয়ে এবার বড় নির্দেশ দিল কমিশন। ভোটের কাজে ফের কি দেখা যাবে বদলি হওয়া অফিসারদের? কী নির্দেশ দিল কমিশন?
রাজ্যের নির্বাচনী আবহে রাজনৈতিক দলগুলির ভিআইপি প্রচারকদের নিরাপত্তা, সভাস্থলের নিরাপত্তা দেখভালের জন্য প্রয়োজন দক্ষ ও অভিজ্ঞ অফিসারদের। তাই রাজ্য পুলিশের তরফে নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠানো হয়েছিল। চিঠিতে বলা হয়েছিল, কমিশনের তরফে যে সমস্ত পুলিশকর্তাকে বদলি করা হয়েছে অর্থাৎ নির্বাচনের কাজে যাঁরা থাকতে পারবেন না, তাঁদের নির্বাচনী প্রচারমূলক কর্মসূচির নিরাপত্তার দায়িত্বে নিযুক্ত করতে চায় রাজ্য পুলিশ। কারণ এত সংখ্যায় বদলের পর সভাগুলির নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে নজরদারি চালানোর মতো পুলিশকর্তার সংখ্যা কমেছে।
রাজ্য পুলিশের আবেদন মেনে নিয়েছে কমিশন। রাজ্য পুলিশের আবেদনের ভিত্তিতে কমিশন এবার জানাল, বদলি করে দেওয়া পুলিশকর্তাদের রাজনৈতিক দলগুলির ভোট প্রচারের সময় সভাস্থল ও ভিআইপিদের নিরাপত্তা দেখভালের কাজে ব্যবহার করা যাবে।
গত ১৫ মার্চ ভোটের দিনক্ষণ ঘোষণা করে কমিশন। তারপরই রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজিপি, কলকাতার পুলিশ কমিশনার বদলে দেয়। একাধিক জেলার পুলিশ সুপারকে বদলি করা হয়েছে। এমনকি, রাজ্যজুড়ে বহু থানার ওসিকে বদলানো হয়েছে। অফিসারদের বদলি নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কমিশন নিজের অবস্থানে অনড় থেকেছে। বদলি হওয়া অফিসারদের নির্বাচনী প্রক্রিয়া থেকে দূরে রাখারও নির্দেশ দিয়েছে কমিশন। এবার রাজ্য পুলিশের আবেদনের ভিত্তিতে ভোটপ্রচারের সময় সভাস্থল ও ভিআইপিদের নিরাপত্তার কাজে দেখা যাবে বদলি হওয়া অফিসারদের।
