Weather Update: আবারও নিম্নচাপ? ফের কবে থেকে বৃষ্টি?
Kolkata Bengal Weather Update: প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী, এই নিম্নচাপটি উত্তর-পশ্চিম অভিমুখে এগিয়ে এসে ধীরে ধীরে ভারতের পূর্ব উপকূলের দিকে অগ্রসর হবে। শুধু তাই নয়, সমুদ্রের ওপর থাকার সময় দফায় দফায় এর শক্তি বৃদ্ধিরও সম্ভাবনা রয়েছে। তবে এই ঘূর্ণাবর্ত বা নিম্নচাপটি শেষ পর্যন্ত কোনও শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নেবে কি না, সে বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানায়নি আবহাওয়া দফতর।

কলকাতা: অক্টোবর মাসের একেবারে শেষের দিকে আবারও একবার আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত। বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ ঘনীভূত হওয়ার পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী শুক্রবার অর্থাৎ সপ্তাহের শেষের দিকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে।
প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী, এই নিম্নচাপটি উত্তর-পশ্চিম অভিমুখে এগিয়ে এসে ধীরে ধীরে ভারতের পূর্ব উপকূলের দিকে অগ্রসর হবে। শুধু তাই নয়, সমুদ্রের ওপর থাকার সময় দফায় দফায় এর শক্তি বৃদ্ধিরও সম্ভাবনা রয়েছে। তবে এই ঘূর্ণাবর্ত বা নিম্নচাপটি শেষ পর্যন্ত কোনও শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নেবে কি না, সে বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানায়নি আবহাওয়া দফতর। পাশাপাশি, এর প্রভাবে পশ্চিমবঙ্গের আবহাওয়ায় কতটা পরিবর্তন আসতে পারে এবং রাজ্যে আদৌ বৃষ্টি হবে কি না, তাও এখনও স্পষ্ট নয়।
ইতিমধ্যেই আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে যে, আগামী সাত দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ফলে আপাতত দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের আকাশ মূলত শুষ্ক ও পরিষ্কারই থাকবে। আবহাওয়াবিদরা পুরো পরিস্থিতিটির ওপর নজর রাখছেন। নিম্নচাপটি উপকূলের কাছাকাছি এলে এর গতিপথ এবং তীব্রতা সম্পর্কে আরও স্পষ্ট চিত্র পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। আপাতত উৎসব শেষের রেশ কাটতে না কাটতেই নতুন করে আবহাওয়া নিয়ে উৎকণ্ঠা তৈরি হয়েছে উপকূলবর্তী এলাকায়।
