
বুধবার দিনভর প্রবল বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। ৪ জেলার আকাশে জলভরা মেঘের আমদানি। তাই বিশেষ সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতরের। তবে বৃহস্পতিবারের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমতে থাকবে। ধীরে ধীরে ২-৪ ডিগ্রি বাড়বে তাপমাত্রা। বাড়বে ভ্যাপসা গরমের অস্বস্তি। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে।
একটি নিম্নচাপ তৈরি হয়েছিল সেটির বর্তমান অবস্থান মধ্যপ্রদেশের উত্তর-পূর্ব দিকে।এর সঙ্গে একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে রাজস্থান থেকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত। এর জন্যই দুই বঙ্গে বৃষ্টির পরিস্থিতি।২৮ এবং ২৯ অর্থাৎ আগামী দুই দিনও এই পরিস্থিতি বজায় থাকবে। দক্ষিণবঙ্গে এই দুদিন প্রধানত মেঘলা আকাশ বিক্ষিপ্ত বৃষ্টি হবে। দুই এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা।
রাতভর বৃষ্টির পরও ছাড় নেই। সকাল-দুপুর গড়িয়ে বিকেল হতে চলল, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি। আজ মুর্শিদাবাদ, বীরভূম, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা। প্রবল বৃষ্টির সতর্কবার্তা উত্তরবঙ্গেও। ২ জুলাই পর্যন্ত জারি কমলা সতর্কতা। দার্জিলিং, কালিম্পংয়ে ভারী বৃষ্টি হতে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে। পাহাড়ে ধস নামতে পারে। জলস্তর বাড়তে পারে তিস্তা, জলঢাকা, সঙ্কোশ, তোর্ষা নদীতে। উত্তরবঙ্গের নিচু এলাকায় জল জমার আশঙ্কা।
বৃষ্টিতে দেশপ্রিয় পার্কের প্রিয়া সিনেমা হলের কাছে একটি গাছ পড়ে গেছে এলাকায় যানজট।
মরশুমের প্রথম ভারী বৃষ্টিতে জলমগ্ন ঠাকুরপুকুর এলাকা, গৌরনগর, দাসপাড়া, কলুয়া, লোহারপোল, কালিতলা, বাদামতলা বিস্তীর্ণ এলাকা। কোথাও গোড়ালি ডোবা, কোথাও গোড়ালির ওপরে জল। বর্ষার শুরুতেই এই অবস্থায় সমস্যায় এলাকাবাসী।
আগামী ২৪ ঘন্টায় কলকাতা-সহ হাওড়ায় প্রবল বৃষ্টি হতে পারে। বৃষ্টির কারণে একাধিক জায়গায় জল জমেছে। বেশ কিছু এলাকায় যানজট তৈরি হয়েছে। বজ্র্যবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস থাকায় সাধারণ মানুষকে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা। বজ্রপাতের সম্ভাবনা থাকায়, নিরাপদ স্থানে থাকার কথা বলা হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী কলকাতা, দুই ২৪ পরগনা… এই ৩ জেলায় আরও ২-৩ ঘণ্টা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
শেষরাত থেকেই মূলত বৃষ্টিতে ভিজেছে কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে। সকাল থেকেই কাল মেঘে ঢেকে রয়েছে আকাশ। সকালে অফিস টাইমেই ঝাঁপিয়ে নামে বৃষ্টি।