Birbhum News: ‘দাদাকে একটি কালী ঠাকুর দিয়েছিলাম, উনি পুজো করতেন’, আশিসের বাড়ি গিয়ে আপ্লুত শুভেন্দু
Asish Banerjee: এ দিন, আশিসবাবুর ছেলে জানান, "মুখ্যমন্ত্রীর উপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে।" যদিও কী কথা হয়েছে সেটা তিনি বলতে চাননি। মুখ্যমন্ত্রী তাদের জিজ্ঞাসা করেছেন বাড়ির নিরাপত্তা বাড়াতে হবে কি না। যদিও তিনি নিরাপত্তা নেবেন না নেবেন না সে বিষয়ে সংবাদ মাধ্যমকে জানালেন না।

বীরভূম: শনিবার বীরভূমে গিয়েছেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। দেখা করেন সদ্য প্রয়াত আশিস বন্দ্যোপাধ্যায়ের (Asish Banerjee) পরিবারের সঙ্গে। বাড়ি থেকে বের হয়ে জানান, মৃতের পরিবারের লোকজন তাঁর ওপর আস্থা রেখেছে। বলেন, “এখানকার লোকজন আসিস বন্দ্যোপাধ্যায়কে খুব শ্রদ্ধা করতেন আমি মুখ্যমন্ত্রী হয়ে আজ এসেছি। তাঁদের সকলের সঙ্গে কথা বললাম।”
এ দিন মুখ্যমন্ত্রী কিছু পুরনো কথা আলোচনা করেন। তারপর এও বলেন, “উনি যখন কৃষিমন্ত্রী ছিলেন, সেই সময় সরকারি একটি অনুষ্ঠানে কালী ঠাকুর দিয়ে এসেছিলাম। উনি বললেন, দাদা ওই কালী ঠাকুরকে প্রতিদিন সকালে পুজো করে বের হতেন। আমার কাছে বড় প্রাপ্তি।” তাঁর সংযোজন, “বৌদি আমার উপর ভরসা রেখেছেন। ফোন নম্বর দিয়ে এসেছি। বলেছি দাদাকে তো ফেরাতে পারব না, তবে সমস্যা হলে অবশ্যই পাশে থাকব।”
এ দিন, আশিসবাবুর ছেলে জানান, “মুখ্যমন্ত্রীর উপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে।” যদিও কী কথা হয়েছে সেটা তিনি বলতে চাননি। মুখ্যমন্ত্রী তাদের জিজ্ঞাসা করেছেন বাড়ির নিরাপত্তা বাড়াতে হবে কি না। যদিও তিনি নিরাপত্তা নেবেন না নেবেন না সে বিষয়ে সংবাদ মাধ্যমকে জানালেন না।
এখানে উল্লেখ্য, গত ১৬ অগস্ট রামপুরহাটে (Rampurhat) বাড়ির লাগোয়া পার্টি অফিস থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয় আশিস বন্দ্যোপাধ্যায়ের। মৃতদেহের পাশ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। তা খতিয়ে দেখে বীরভূম জেলা পুলিশ। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকারও ছিলেন আশিস বন্দ্যোপাধ্যায়। নিজের সুইসাইড নোটে তিনি লিখেছেন, কোনও রকম দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন না।
