Arambagh: ‘যুব সাথী’র লাইনে বিজেপি নেত্রী, ফর্ম ফিল আপ করলেন, ক্যামেরার সামনে দাঁড়িয়ে বললেন…

Yuva Sathi: ক্যামেরার সামনে যদিও তিনি দাবি করেন যে তাঁর ছেলের জন্য তিনি এই ফর্ম ফিল আপ করছেন, কিন্তু ফর্মের ছবিতে দেখা যায় গ্রাহক হিসেবে তাঁর নিজেরই নাম রয়েছে। ফর্ম জমা দেওয়ার পর তিনি বলেন, "কত শিক্ষিত যুবক যে এখনও বেকার আছেন, তা নথিভুক্ত থাকা দরকার। সবার জানা দরকার।"

Arambagh: যুব সাথীর লাইনে বিজেপি নেত্রী, ফর্ম ফিল আপ করলেন, ক্যামেরার সামনে দাঁড়িয়ে বললেন...
Image Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Feb 20, 2026 | 11:36 AM

আরামবাগ: ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘যুব সাথী’ প্রকল্পের উদ্যোগ নিয়ে অনেক রাজনৈতিক চাপান-উতোর শুরু হয়েছে। ভাতার রাজনীতি করে ভোট পেতে চাইছেন, এমনটাই বলছেন বিরোধীরা। সেই আবহেই এবার ‘যুব সাথী’র লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেল বিজেপি নেত্রীকে। অকপটে বললেন, ‘এটা তো তৃণমূলের টাকা নয়।’

হুগলিতে আরামবাগ টাউন মহিলা মোর্চার কনভেনার সুদেষ্ণা অধিকারী মোহান্তকে শুক্রবার সকালে দেখা গেল যুব সাথীর ফর্ম ফিল আপের লাইনে। গোঘাট ২ নম্বর ব্লক অফিসে দেখা গেল এমনই ছবি। এই প্রকল্প চালুর জন্য মুখ্যমন্ত্রীকে সাধুবাদও জানিয়েছেন তিনি। কার্যত প্রশংসাও শোনা গেল বিজেপি নেত্রীর মুখে।

ক্যামেরার সামনে যদিও তিনি দাবি করেন যে তাঁর ছেলের জন্য তিনি এই ফর্ম ফিল আপ করছেন, কিন্তু ফর্মের ছবিতে দেখা যায় গ্রাহক হিসেবে তাঁর নিজেরই নাম রয়েছে। ফর্ম জমা দেওয়ার পর তিনি বলেন, “কত শিক্ষিত যুবক যে এখনও বেকার আছেন, তা নথিভুক্ত থাকা দরকার। সবার জানা দরকার।” তাঁর দাবি, ‘এই টাকাটা তৃণমূল দিচ্ছে না, সরকার দিচ্ছে। তাই এটা সকলের প্রাপ্য।’ তবে এরকম একটি প্রকল্পের জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। তাঁর বক্তব্য, অনেক বেকার যুবক-যুবতী চাকরির ফর্ম ফিল আপের জন্য বাবা-মায়ের কাছে টাকা চাইতে পারেন না, তাঁদের জন্য এই টাকা খুবই প্রয়োজনীয়।

এদিকে কটাক্ষ করতে ছাড়ছে না তৃণমূল। গোঘাট-২ ব্লক তৃণমূলের সভাপতি সৌমেন দিগার বলেন, “এটাই মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফল্য। উনি সব স্তরের সাধারণ মানুষের জন্য ভাবেন, এটাই তার প্রমাণ।”