Tala Prattoy Durga Puja: এবার ‘টালা প্রত্যয়’ নিয়ে বড় অভিযোগ, ‘কার হাত মাথায় ছিল!’ বিস্ফোরক বিধায়ক
Kolkata Durga Puja: বৃহস্পতিবার কলকাতা পুরনিগমে গিয়ে পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডের কাছে অভিযোগ জানান তিনি। অভিযোগে তিনি জানিয়েছেন, একটা পুজো কমিটি পুজো হয়ে যাওয়ার পরেও দিনের পর দিন মাঠ এবং সামনের রাস্তা দখল করে রেখেছে।

কলকাতা: গত কয়েক বছর ধরে কলকাতা শহরে দুর্গা পূজাগুলির মধ্যে প্রবল জনপ্রিয়তা পেয়েছে ‘টালা প্রত্যয়’। উত্তর কলকাতায় এই পুজোয় উপচে পড়ে ভিড়। সারাবছর ধরেই এই পুজো কমিটির নানা অনুষ্ঠান লেগেই থাকে। সেই পুজো নিয়েই এবার অভিযোগ জানালেন সদ্য নির্বাচিত বিজেপি বিধায়ক রীতেশ তিওয়ারি। পুজো কমিটির বিরুদ্ধে রাস্তা, পার্ক দখল করে রাখার অভিযোগ তুলেছেন তিনি। ইতিমধ্যেই ফাঁকা করে দেওয়া হয়েছে রাস্তা।
টালা পার্কের কাছেই হয় এই টালা প্রত্যয়ের পুজো। সেখানে মাঠ দখল করে কাঠামো তৈরি করার অভিযোগ উঠেছে ‘টালা প্রত্যয়’ পুজো কমিটির বিরুদ্ধে। মাঠ দখল করে কাঠামো তৈরি করা হচ্ছে বলে অভিযোগ কাশীপুর-বেলগাছিয়ার নবনির্বাচিত বিধায়ক রীতেশ তিওয়ারির।
বৃহস্পতিবার কলকাতা পুরনিগমে গিয়ে পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডের কাছে অভিযোগ জানান তিনি। অভিযোগে তিনি জানিয়েছেন, একটা পুজো কমিটি পুজো হয়ে যাওয়ার পরেও দিনের পর দিন মাঠ এবং সামনের রাস্তা দখল করে রেখেছে। রাস্তার দখল ইতিমধ্যেই তিনি সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু মাঠের দখল এখনও রয়েছে বলে অভিযোগ।

ফাঁকা করে দেওয়া হয়েছে রাস্তা (ছবি পোস্ট করেছেন রীতেশ তিওয়ারি)
রীতেশ তিওয়ারি বলেন, “ওই এলাকায় বেলগাছিয়া ইউনাইটেডের একটি টেন্ট ছিল, শিশুরা সেখানে প্র্যাকটিস করত। ডিজি পার্ক ঘুরে দেখেছেন। রাস্তার উপর থেকে সরিয়ে দেওয়া হয়েছে কাঠামো। মাঠ থেকেও যেন সরিয়ে দেওয়া হয় সেই দাবি জানাচ্ছি।”
কীভাবে এমন দখলদারি চলত, সে কথা বলতে গিয়ে পূর্বতন সরকারের বিরুদ্ধে অভিযোগ তোলেন বিধায়ক। তিনি বলেন, “বিগত সরকারের হাত কমিটির মাথার উপরে থাকায় মাঠ সম্পূর্ণ দখল করে রাখা হয়েছে। কারা ওই পুজোর উদ্বোধন করতে আসত, সবাই জানত।”
