Calcutta High Court: হাওড়ায় রামনবমীর শোভাযাত্রায় ‘না’ পুলিশের, কী বলল হাইকোর্ট?

Ram Navami procession: বাংলায় বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়েছে। ২ দফায় নির্বাচন হবে। ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল। ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরই বাংলায় আদর্শ আচরণবিধি লাগু হয়েছে। কেন্দ্রীয় বাহিনী রাজ্যের প্রান্তে প্রান্তে টহলদারি শুরু করেছে। এই আবহে হাওড়ায় রামনবমীর মিছিল নিয়ে পুলিশের অনুমতি না পেয়েই হাইকোর্টের দ্বারস্থ হন আয়োজকরা।

Calcutta High Court: হাওড়ায় রামনবমীর শোভাযাত্রায় না পুলিশের, কী বলল হাইকোর্ট?
ফাইল ফোটো

| Edited By: সঞ্জয় পাইকার

Mar 20, 2026 | 5:49 PM

কলকাতা: অনুমতি দেয়নি পুলিশ। সেজন্য হাওড়ায় রামনবমীর শোভাযাত্রার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন আয়োজকরা। শুক্রবার হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ আগামী ২৬ মার্চ ওই শোভাযাত্রার অনুমতি দিল। তবে মানতে হবে একাধিক শর্ত।

রামনবমীর শোভাযাত্রার অনুমতি দিলেও কী কী শর্ত দিল হাইকোর্ট? এদিন বিচারপতি সৌগত ভট্টাচার্যর বেঞ্চ জানিয়েছে, সর্বাধিক ৫০০ জন ব্যক্তি নিয়ে করা যাবে শোভাযাত্রা। রামনবমীর মিছিলে অস্ত্র নিয়ে অনেককে দেখা যায়। এদিন হাইকোর্ট জানিয়ে দিয়েছে, শোভাযাত্রায় কোনও ধাতব অস্ত্র প্রদর্শন করা যাবে না। প্রতীকী অস্ত্র নিয়ে মিছিল করতে হবে। রামনবমীর মিছিলকে কেন্দ্র করে যাতে কোনও অশান্তি না ছড়ায়, সেদিকেও নজর রাখতে কড়া নির্দেশ দিয়েছেন বিচারপতি। মিছিলের আয়োজকদের হাইকোর্ট নির্দেশ দিয়েছে, শান্তিপূর্ণ ভাবে মিছিল করতে হবে। শোভাযাত্রার সময়ও বেঁধে দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। তিনি নির্দেশ দিয়েছেন, বিকাল ৩টা থেকে ৬টা পর্যন্ত করা যাবে শোভাযাত্রা।

বাংলায় বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়েছে। ২ দফায় নির্বাচন হবে। ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল। ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরই বাংলায় আদর্শ আচরণবিধি লাগু হয়েছে। কেন্দ্রীয় বাহিনী রাজ্যের প্রান্তে প্রান্তে টহলদারি শুরু করেছে। এই আবহে হাওড়ায় রামনবমীর মিছিল নিয়ে পুলিশের অনুমতি না পেয়েই হাইকোর্টের দ্বারস্থ হন আয়োজকরা।

বছর তিনেক আগে রামনবমীর মিছিল ঘিরে উত্তেজনা ছড়িয়েছিল হাওড়ায়। বেশ কিছু দোকানপাটে ভাঙচুর করা হয়েছিল। আগুন লাগানো হয়েছিল। তার আগের বছরও হাওড়ায় রামনবমীর মিছিল ঘিরে উত্তেজনা ছড়িয়েছিল। এই পরিস্থিতিতে এদিন হাইকোর্ট রামনবমীর শোভাযাত্রার অনুমতি দিলেও একাধিক শর্ত বেঁধে দিল। শান্তিপূর্ণ মিছিল করতে হবে বলে নির্দেশ দিলেন বিচারপতি।

Follow Us