Calcutta High Court: ‘শান্তিতে থাকতে দিন’, শুভেন্দু অধিকারীর করা মামলা খারিজ বিচারপতি সিনহার
Suvendu Adhikari Case: তৃণমূল আমলে স্পিকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন শুভেন্দু অধিকারী। সেই সময় তাঁর সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তারক্ষীরা প্রবেশ করতেন বিধানসভায়। সেই নিরাপত্তারক্ষীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। সেই ইস্যুতে মামলার সূত্রপাত। মামলা চলছিল এতদিন ধরে।

কলকাতা: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) করা পুরনো একটি মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। তৃণমূল আমলে, যখন শুভেন্দু অধিকারী বিধানসভার বিরোধী দলনেতা ছিলেন, সেই সময় একটি মামলায় আদালত অবমাননার অভিযোগ এনেছিলেন। পালাবদল হয়েছে। সরকারে এসেছে বিজেপি। সোমবার সেই মামলাই খারিজ করে দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা (Justice Amrita Sinha)।
কী সেই মামলা?
তৃণমূল আমলে তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়কদের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী থাকত। বিধানসভার ভিতরে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তাকর্মীদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা ছিল। কিন্তু তৎকালীন বিরোধী দল বিজেপির অভিযোগ ছিল, তৃণমূল বিধায়করা পুলিশি নিরাপত্তা নিয়েই বিধানসভায় প্রবেশ করতেন। স্পিকারের সেই সিদ্ধান্তের বিরুদ্ধেই হাইকোর্টে মামলা করেছিলেন শুভেন্দু অধিকারী। সেই মামলাই চলছিল এতদিন ধরে।
বিধানসভার ভিতরে অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে সরকারের নির্দিষ্ট নির্দেশিকা লঙ্ঘন করা হচ্ছে, তৎকালীন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই মর্মে শুভেন্দুর করা আদালত অবমাননার মামলাই সোমবার খারিজ করেছেন বিচারপতি অমৃতা সিনহা।
কী বললেন বিচারপতি?
সোমবারের শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা জানিয়ে দেন, এই মামলা আর তিনি এগিয়ে নিয়ে যেতে চান না। শুভেন্দু অধিকারীর দায়ের করা ওই আদালত অবমাননার আবেদন খারিজ করে বিচারপতি মন্তব্য করেন, “মানুষকে শান্তিতে থাকতে দিন।”
বিধানসভার সচিব নিরাপত্তারক্ষীদের প্রবেশের ক্ষেত্রে একই নিয়ম জারি করলেও তৎকালীন মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে সেটিতে মান্যতা দেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে। এই মামলায় রাজ্যের আইনজীবীর অভিযোগ, বারবার নোটিস দেওয়া হলেও অন্য পক্ষ আসেনি। এটি শাস্তিযোগ্য অপরাধ। রাজ্যের আইনজীবী আর্জি জানান, রুল জারি করা হোক। যদিও বিচারপতি শুধু এই মামলা আর এগিয়ে নিয়ে যেতে চান না বলে জানিয়ে দেন।
