Calcutta High Court: কলকাতা-হাওড়ার পরিস্থিতি নিয়ে উদ্বেগ, রিপোর্ট চেয়ে সময় বেঁধে দিল হাইকোর্ট
তাই বাজির কারণে দূষণ বেড়ে যাওয়ার আগেই যাতে ব্যবস্থা নেওয়া হয়, সেই নির্দেশও দেওয়া হয়েছে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে। শুধুমাত্র দূষণের মাত্রা পরীক্ষা করাই নয়, আর কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে, এ ব্যাপারে রাজ্য সরকারের উত্তরও চেয়েছে হাইকোর্ট।

কলকাতা: হাওড়া ও কলকাতার বায়ুদূষণের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বিশেষত শীতকালে বাতাসের পরিস্থিতির এতটাই অবনতি হয় যা নিয়ে পদক্ষেপ করার বার্তা দিল আদালত। পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে এই বিষয়ে রোডম্যাপ তৈরি করার কথা বলা হয়েছে। ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করতেও বলেছে আদালত।
প্রধান বিচারপতি রবীন্দ্র ভিথালরাও ঘুগে ও বিচারপতি ওম নারায়ণ রাইয়ের বেঞ্চে ছিল এই মামলার শুনানি। ডিভিশন বেঞ্চের নির্দেশ, বায়ুদূষণ থেকে আবহাওয়াকে মুক্ত করার জন্য অবিলম্বে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে নির্দিষ্ট পলিসি তৈরি করতে হবে।
আইনজীবী আকাশ শর্মার করা জনস্বার্থ মামলার শুনানিতে এমন নির্দেশ দিয়েছে আদালত। দূষণ নিয়ন্ত্রণ করতে যাতে একটা নির্দিষ্ট পদ্ধতি মেনে চলা হয় এবং নির্দিষ্ট সময় অন্তর দূষণের মাত্রা পরীক্ষা করা হয়, সেই আবেদন জানানো হয়েছিল জনস্বার্থ মামলায়।
উৎসবের মরশুম আসন্ন। তাই বাজির কারণে দূষণ বেড়ে যাওয়ার আগেই যাতে ব্যবস্থা নেওয়া হয়, সেই নির্দেশও দেওয়া হয়েছে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে। শুধুমাত্র দূষণের মাত্রা পরীক্ষা করাই নয়, আর কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে, এ ব্যাপারে রাজ্য সরকারের উত্তরও চেয়েছে হাইকোর্ট।
রাজ্যের তরফে আইনজীবী জানিয়েছেন, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ পলিসি তৈরি করলে ও সুপারিশ করলে নিশ্চয় ব্যবস্থা নেবে রাজ্য সরকার। আগামী ১৩ অক্টোবরের মধ্যে পলিসি তৈরি করে আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১৯ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।
