Calcutta High Court: সারদা কেলেঙ্কারিতে এবার শ্যামল সেন কমিটির রিপোর্ট নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের, কী বলল?
Calcutta High Court on Saradha scam case: বছর তেরো আগে সারদা কেলেঙ্কারিকে ঘিরে রাজ্যজুড়ে শোরগোল পড়েছিল। সারদা কেলেঙ্কারির তদন্ত ও আমানতকারীদের টাকা ফেরতের জন্য রাজ্য সরকার ২০১৩ সালে অবসরপ্রাপ্ত বিচারপতি শ্যামল সেনের নেতৃত্বে একটি কমিশন গঠন করে। ওই কমিশন রাজ্যের ঘোষিত ৫০০ কোটির তহবিল থেকে প্রায় ২২৫ কোটি টাকা ফেরত দেয় আমানতকারীদের।

কলকাতা: কেটে গিয়েছে এক যুগ। এতদিন পর সারদা কেলেঙ্কারিতে রাজ্যের গঠিত বিচারপতি শ্যামল সেন কমিশনের আর্থিক হিসেব-নিকেশ সহ যাবতীয় রিপোর্ট প্রকাশ্যে আনার নির্দেশ দিল হাইকোর্ট। ফলে ওই কমিটি বন্ধের প্রায় ১২ বছর পর এবার সারদার বিস্তারিত তথ্য, নথি ও আর্থিক হিসেব নিকেশ প্রকাশ্যে আসতে চলছে।
বছর তেরো আগে সারদা কেলেঙ্কারিকে ঘিরে রাজ্যজুড়ে শোরগোল পড়েছিল। সারদা কেলেঙ্কারির তদন্ত ও আমানতকারীদের টাকা ফেরতের জন্য রাজ্য সরকার ২০১৩ সালে অবসরপ্রাপ্ত বিচারপতি শ্যামল সেনের নেতৃত্বে একটি কমিশন গঠন করে। ওই কমিশন রাজ্যের ঘোষিত ৫০০ কোটির তহবিল থেকে প্রায় ২২৫ কোটি টাকা ফেরত দেয় আমানতকারীদের। সেই কমিশন রাজ্য বন্ধ করার পর তহবিলে থাকা টাকা ও যাবতীয় হিসেব-নিকেশ রাজ্যের কাছে পাঠিয়ে দেয় কমিশন। তার প্রতিলিপি জমা পড়ে কলকাতা হাইকোর্টের কাছেও। তারপর আর সেই রিপোর্ট প্রকাশ্যে আনেনি হাইকোর্ট।
এই রিপোর্ট প্রকাশ্যে আনার জন্য মামলাও হয়। এবার বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ হাইকোর্টের হাতে থাকা ওই রিপোর্ট মামলার সব পক্ষকে দেওয়ার নির্দেশ দিল। হাইকোর্টের এই নির্দেশ নিয়ে আমানতকারীদের আইনজীবী শুভাশিস চক্রবর্তী ও অরিন্দম দাস বলেন, এতদিনে ওই রিপোর্ট প্রকাশ্যে এলে সারদা সংক্রান্ত শ্যামল সেন কমিশনের যাবতীয় বক্তব্য, পর্যবেক্ষণ ও সুপারিশ প্রকাশ্যে আসবে। সেই ক্ষেত্রে নতুন করে এই রিপোর্ট নিয়ে অগ্রসর হওয়া যাবে।
এদিকে, চিটফান্ডের মামলাগুলিতে সিবিআই ও ইডি-র আইনজীবী না থাকা নিয়ে এদিন ডিভিশন বেঞ্চ ক্ষোভ প্রকাশ করে। বিচারপতি ভরদ্বাজের ক্ষোভ, “চিটফান্ডের যাবতীয় কোম্পানির তদন্ত এই দুই সংস্থার হাতে। যাবতীয় হিসেবের নথিও এই দুই সংস্থার কাছে। অথচ লক্ষ্য করছি, ৯০ শতাংশ চিটফান্ডের মামলায় এই দুই এজেন্সির আইনজীবী গরহাজির থাকছেন।” কেন্দ্রের এক আইনজীবীকে সতর্ক করে বিচারপতিদের নির্দেশ, এই গরহাজিরা নিয়ে ASG-কে জানান। এরপর এইভাবে চললে, আদালত পদক্ষেপ করতে বাধ্য হবে।
এদিকে, ভোটের আগে শ্যামল সেন কমিশনের রিপোর্ট প্রকাশ্যে এলে তার কী প্রভাব পড়তে পারে, তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা বাড়ছে।
