Calcutta High Court on Milan Pradhan: মিলন প্রধানের উপরে অসন্তুষ্ট হাইকোর্ট! জামিনের আর্জি খারিজ, আদালত থেকে এল অন্য নির্দেশ
Milan Pradhan Bail Appeal: জানা গিয়েছে, নন্দীগ্রাম উপনির্বাচনের প্রার্থী তথা কংগ্রেস নেতা মিলন প্রধান আত্মসমর্পণ না করে, জামিনের আবেদন করায় অসন্তুষ্ট হয়েছে আদালত। আগামী ২৭ নভেম্বরের মধ্যে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।

কলকাতা: বিপদ বাড়ল মিলন প্রধানের (Milan Pradhan)। অন্তর্বতীকালীন জামিনের মেয়াদ বাড়লো না নন্দীগ্রাম উপ-নির্বাচনের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের। বরং তাঁকে আত্মসমর্পণের নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
জানা গিয়েছে, কংগ্রেস নেতা মিলন প্রধান আত্মসমর্পণ না করে, জামিনের আবেদন করায় অসন্তুষ্ট হয়েছে আদালত। আগামী ২৭ নভেম্বরের মধ্যে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এরপর পরবর্তী সময়ে মিলন প্রধান রেগুলার বেঞ্চে জামিনের আবেদন করতে পারবেন।
প্রসঙ্গত, নন্দীগ্রামে উপনির্বাচনে কংগ্রেসের হয়ে লড়েছিলেন মিলন প্রধান। নির্বাচনের ঠিক আগে তাঁর গ্রেফতারিকে ঘিরে তীব্র বিতর্ক হয়। তখন কংগ্রেসের পাশে দাঁড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। মিলন প্রধান ২০০৭ সালের নন্দীগ্রাম জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তাঁর বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা, দাঙ্গা ও বেআইনি জমায়েতের অভিযোগ ছিল। ২০২১ সালে কলকাতা হাইকোর্টের নির্দেশে মামলাগুলি পুনরায় চালু হয়।
গ্রেফতারির পর সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায় বিষয়টি। গত ৭ অক্টোবর রাজ্যের করা মামলাটি কলকাতা হাইকোর্টেই ফেরত পাঠায় এবং হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করেনি। গত ২০ অক্টোবর কলকাতা হাইকোর্ট মিলন প্রধানের জামিনের মেয়াদ ২৫ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছিল। জামিন বাড়ানোর আবেদন করে আজ হাইকোর্ট আগামী ২৭ নভেম্বরের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেয়।
