
কলকাতা: কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের বিরুদ্ধে বারবার পশ্চিমবঙ্গকে বঞ্চনা করার অভিযোগ তুলেছে তৃণমূল। বিশেষত মনরেগার টাকা না দেওয়ার জন্য কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে কেন্দ্রীয় সরকারের এই দফতরকে। এবার সেই গ্রামোন্নয়ন মন্ত্রকের তরফেই কয়েকশ কোটি টাকা বরাদ্দ করা হল পশ্চিমবঙ্গের জন্য।
অন্যান্য রাজ্যের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের জন্য বৃহস্পতিবারই বরাদ্দ করা হয়েছে টাকা। মোটি ৬৮০.৮৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পশ্চিমবঙ্গকে একই কিস্তির আওতায় ২১টি জেলা পরিষদ, ৩৩৫টি ব্লক পঞ্চায়েত এবং ৩,২২৫টি গ্রাম পঞ্চায়েতের জন্য ৬৮,০৮৫.৭৯ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।
দুটি স্তরে এই টাকা খরচ করা হয়। স্যানিটেশন, বর্জ্য ব্যবস্থাপনা এবং শোধন, পানীয় জল সরবরাহ, বৃষ্টির জল সংগ্রহ এবং জল পুনর্ব্যবহারের মতো কাজে কিছু টাকা বরাদ্দ থাকে, আর বাকি টাকা বরাদ্দ করা হয় ত্রিস্তরীয় পঞ্চায়েতে কর্মরত কর্মীদের বেতন ও প্রশাসনিক কাজকর্মে।
বিহার, হরিয়ানা, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশেও বরাদ্দ করা হয়েছে টাকা। ২০২৫-২৬ অর্থবছরের জন্য পঞ্চদশ অর্থ কমিশন অনুদানের দ্বিতীয় কিস্তি মঞ্জুর করেছে। এই কিস্তির আওতায়, বিহারের ৩৮টি জেলা পঞ্চায়েত, ৫৩৩টি ব্লক পঞ্চায়েত, ৮,০৫৩টি গ্রাম পঞ্চায়েত উপকৃত হবে। হিমাচল প্রদেশের জন্য বরাদ্দ ৬৮.৩০ কোটি টাকা।