
কলকাতা: শিখরাই প্রকৃত রাষ্ট্রভক্ত। গুরুদ্বারায় শিখ সম্প্রদায়ের একটি অনুষ্ঠানে গিয়ে এমনই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। একইসঙ্গে সংখ্যালঘু ইস্যুতে বিগত সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেছেন তিনি। তাঁর কথায়, তৃণমূল শুধু একটা কমিউনিটিকেই সংখ্যালঘু সম্প্রদায় হিসেবে জানত। সেখানে যে শিখ, জৈনরাও রয়েছেন, তা মনে করিয়ে দিয়েছেন তিনি।
গুরু নানক জয়ন্তীর আগে নগর কীর্তনের রীতি রয়েছে শিখ সম্প্রদায়ের । সেই অনুষ্ঠানে আজ যোগ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন সকালে বড়বাজার গুরুদ্বারা বড়া শিখ সংগত-এ হাজির হন তিনি। গুরুদ্বারাতে গিয়ে শিখেদের রীতি-নীতি পালন করেন। তারপর সেখান থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, “শিখরা সত্যিকারের রাষ্ট্রভক্ত। আমাদের সনাতনকে রক্ষা করেছেন গুরুদেব। যা প্রথা আছে করলাম। আর ওঁরা আমাকে স্বাগত জানিয়েছেন। আমি শুভেচ্ছা জানিয়েছি। আর বলেছি সংখ্যালঘু মানে শুধু একটা কমিউনিটি নয়। শিখরাও সংখ্যালঘু। আগের সরকার সংখ্যালঘু মানে শুধু মুসলমান জানত। সংখ্যালঘু মানে শিখরাও সংখ্যালঘু, বৌদ্ধরাও সংখ্যালঘু, জৈনরাও সংখ্যালঘু।”
শুভেন্দুর এই মন্তব্যের পরই পাল্টা সরব হন মমতা তৃণমূল নেতা প্রদীপ্ত মুখোপাধ্যায়। তাঁর বক্তব্য, শিখ সম্প্রদায়ের জন্য তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান সরকারি দলিলেই উল্লেখ রয়েছে। তিনি বলেন, “তৃণমূল কংগ্রেসকে নিয়ে যখন বলা হচ্ছে, এই শিখ সংগঠনের জন্য, শিখেদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান এখনও লিখিত আকারে সরকারি দলিলে রয়েছে। ওই সরকারি দলিল দেখুন। মমতা বন্দ্যোপাধ্যায় সর্বধর্ম সমন্বয়ে প্রকৃত একজন মানুষ, সবাইকে সমানভাবে গুরুত্ব দিয়েছিলেন। সবসময় ভোট রাজনীতি দেখেন। উনি কোনওদিন মানবতার রাজনীতি করেননি।”