AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CM Suvendu Adhikari: চোরবাগানের দুর্ঘটনার পর সাংবাদিক বৈঠক করা চিকিৎসকরা কি ডিউটিতে ছিলেন? রিপোর্ট তলব CM-র, কী করবেন তিনি?

CM Suvendu Adhikari on Chorbagan Incident: মুখ্যমন্ত্রী আরও বলেন যে চোরবাগান নিয়ে একাধিক জায়গায় একাধিক ব্যক্তি ভুয়ো তথ্য ছড়াচ্ছে। ইতিমধ্যেই অনেককে গ্রেফতার করা হয়েছে। বলেন, "পুরনো ছবি পোস্ট করে চোরবাগানের দুর্ঘটনা বলে পোস্ট করা হচ্ছে। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে। আমি পুলিশকে নির্দেশ দিয়েছি, যারা যারা এই  ভুল তথ্য ছড়াচ্ছে, তাদেরকে দ্রুত গ্রেফতার করার জন্য।"

CM Suvendu Adhikari: চোরবাগানের দুর্ঘটনার পর সাংবাদিক বৈঠক করা চিকিৎসকরা কি ডিউটিতে ছিলেন? রিপোর্ট তলব CM-র, কী করবেন তিনি?
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীImage Credit: PTI
| Edited By: | Updated on: Oct 20, 2026 | 10:55 PM
Share

কলকাতা: চোরবাগানের ঘটনায় কড়া মুখ্যমন্ত্রী। যারা সোশ্যাল মিডিয়ায় ভুল বা ভুয়ো তথ্য ছড়াচ্ছেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একইসঙ্গে ওই ঘটনার পর কলকাতা মেডিক্যাল কলেজের যে চিকিৎসকরা সাংবাদিক বৈঠক করেছিলেন, তাদের সম্পর্কেও রিপোর্ট তলব করলেন।

নবমীতে দিনভর ঘুরে বেড়াচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সকাল থেকে তিনি চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেন এবং তাঁদের হাতে আর্থিক ক্ষতিপূরণ তুলে দেন। রাতে হঠাৎ স্বাস্থ্য ভবনের কন্ট্রোল রুমে হাজির হন। সেখান থেকে সরকারি হাসপাতালগুলির চিকিৎসা ব্যবস্থা ও পরিকাঠামো খতিয়ে দেখেন।

চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি-

মুখ্যমন্ত্রী জানান যে চোরবাগানের ঘটনার দিন যে চিকিৎসকরা মেডিকেল কলেজের বাইরে এসে সাংবাদিক বৈঠক করেছিলেন, সেই চিকিৎসকরা আদৌ সেদিনকে ডিউটিতে ছিলেন কিনা, সে ব্যাপারে রিপোর্ট তলব করেছেন। তিনি বলেন, “মেডিক্যাল কলেজে যারা ডিউটি ছেড়ে এসে স্টেটমেন্ট দিয়েছে রাজনৈতিক নেতার মতো, আমি স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্যসচিবকে বলেছি ওই ছবিগুলি দেখে আইডেন্টিফাই করতে যে তাদের ওই সময়ে ডিউটি ছিল কি না। সেটার একটা রিপোর্ট সিএমও-তে দিতে হবে। যদি ডিউটি চলাকালীন কেউ বিবৃতি দেন, তাহলে প্রতিহিংসা নয়, এটা কিন্তু সার্ভিস রুলের পরিপন্থী। এই সার্ভিসটা হচ্ছে ইমার্জেন্সি সার্ভিস, এর সঙ্গে মানবিকতাও রয়েছে, দায়বদ্ধতাও রয়েছে।”

তিনি জানান, আগামী ২৭ অক্টোবর দিল্লি যাচ্ছেন। ২৮ অক্টোবর এসে সেই রিপোর্ট নেবেন। ঘটনার দিন যদি ওই চিকিৎসকদের ডিউটি থাকে, তাহলে সার্ভিস রুল ভেঙে কীভাবে তাঁরা সাংবাদিক বৈঠক করলেন, সে ব্যাপারেও রিপোর্ট জমা দিতে হবে। এরপর সার্ভিস রুল অনুযায়ী যা ব্যবস্থা নেবার নেওয়া হবে। এ কথা সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

তিনি আরও বলেন, “চোরবাগানের আহতদের দামি হাসপাতালে পাঠানো নিয়ে অনেকে প্রশ্ন তুলছিলেন। আমরা সর্বোত্তম চিকিৎসা পরিষেবা দিতে চেয়েছি রোগীদের। কলকাতা মেডিক্যালে যে পরিষেবা পাওয়া যাবে, তার চেয়ে ভাল ব্যবস্থা বেসরকারি হাসপাতালে রয়েছে বলেই আমরা রোগীদের সেখানে পাঠাই, যাতে ১৯টা মৃত্যুর পর আর একটাও প্রাণহানি না হয়। আমরা খুশি যে চিকিৎসা শুরুর পর আর কারও মৃত্যু ঘটেনি। অনেক সময় চিকিৎসা চলাকালীন মৃত্যুর সংখ্যা বাড়ে। এ ক্ষেত্রে আমরা দ্রুত সিদ্ধান্ত নিয়েছি। এতে ব্যর্থতার কিছু নেই। সরকারি হাসপাতালের পরিষেবা বেসরকারির সমকক্ষ করতে গেলে আমাদের দু’বছর লাগবে। পশ্চিমবঙ্গে স্বাধীনতার ৮০ বছর পরেও অ্যালার্জি টেস্ট করা যায় না। মুম্বইতে পাঠাতে হয়। আমি নিজে তার ভুক্তভোগী। তার জন্য যা যা করা দরকার, আমরা করছি।”

ভুয়ো খবর নিয়ে সতর্কবার্তা-

মুখ্যমন্ত্রী আরও বলেন যে চোরবাগান নিয়ে একাধিক জায়গায় একাধিক ব্যক্তি ভুয়ো তথ্য ছড়াচ্ছে। ইতিমধ্যেই অনেককে গ্রেফতার করা হয়েছে। বলেন, “পুরনো ছবি পোস্ট করে চোরবাগানের দুর্ঘটনা বলে পোস্ট করা হচ্ছে। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে। আমি পুলিশকে নির্দেশ দিয়েছি, যারা যারা এই  ভুল তথ্য ছড়াচ্ছে, তাদেরকে দ্রুত গ্রেফতার করার জন্য।”

মমতা তৃণমূল কংগ্রেসের ওয়েবসাইটেও এই ধরনের তথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ। পুলিশ ব্যবস্থা নেবে বলেও জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

কী কারণে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী?

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, দিল্লি সফর জল শক্তি কমিশনের বৈঠকে যোগ দেওয়া নিয়ে। তিনি বলেন, “মালদহ-মুর্শিদাবাদ গঙ্গা ভাঙন নিয়ে আলোচনা হবে। জল শক্তি কমিশনে এই বিষয়টি তুলে ধরা হবে”।

বিসর্জন নিয়ে আরও সতর্কতা-

আগামিকাল বিসর্জনের জন্য বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতা পৌরসভা এবং কলকাতা পুলিশের তরফে ইতিমধ্যে ক্লাবগুলির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। চোরবাগানের ঘটনার পর বাড়তি সতর্কতা অবলম্বনের কথা জানালেন তিনি।

বুক স্টল বিতর্ক নিয়ে তিনি আবারও বলেন, “নিয়ম মেনেই কলকাতা পুরসভা এবং কলকাতা পুলিশ যা করার করেছে। আদালত নির্দেশ দিয়েছে। বারবার করে সিপিএম এবং নকশালরা কোর্টে গিয়েও হেরেছে। তাই যা করা হচ্ছে, নিয়ম মেনে কলকাতা পুলিশ এবং কলকাতা পৌরসভা করছে”।

Follow Us