CM Suvendu Adhikari: ‘পুজোর পর আমরা দেখব’, পৌরসভাতে অবৈধভাবে TMC ক্যাডার নিয়োগের অভিযোগ তুলে বিস্ফোরক শুভেন্দু
CM Suvendu Adhikari on Illegal TMC Appointments: এদিন ভার্চুয়ালি সমস্ত পৌরসভার সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেকথা উল্লেখ করে তিনি বলেন, "জগদ্ধাত্রী পুজো পর্যন্ত আনন্দ উৎসবের মরশুম। সেটা যাতে সুষ্ঠু, সুন্দর হয়, তার জন্য কতগুলো দিকনির্দেশ আমি এবং মন্ত্রী দিয়েছি।"

কলকাতা: পৌরসভায় নিয়োগ দুর্নীতির তদন্ত চলছে। প্রাক্তন মন্ত্রী সুজিত বসু গ্রেফতার হয়েছেন। এবার রাজ্যের প্রাক্তন শাসকদল তৃণমূলকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বললেন, পৌরসভাগুলিতে তৃণমূল অবৈধভাবে তাদের ক্যাডার ঢুকিয়ে রেখেছে। পুজোর পর ‘ঝাড়াই-বাছাই’ হবে বলেও হুঁশিয়ারি দিলেন তিনি।
কী বললেন মুখ্যমন্ত্রী?
শুক্রবার নগরায়ন ভবনে আসেন মুখ্যমন্ত্রী। সেখানে বৈঠক করেন। ছিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, মুখ্যসচিব মনোজ আগরওয়াল-সহ অন্যরা। সেই বৈঠক শেষেই সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পৌরসভাগুলিতে তৃণমূলের ক্য়াডারদের অবৈধভাবে ঢোকানোর অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। বলেন, “প্রচুর পৌরসভাতে অবৈধভাবে পার্টির ক্যাডার-ট্যাডার ঢুকিয়ে রেখেছে। আমরা বলেছি, পুজোর সময় এইসব ঝাড়াই-বাছাই তো করা উচিত হবে না। পরে আমরা দেখব।”
তবে যাঁরা পৌর পরিষেবা দিয়ে চলেছেন, তাঁরা যাতে বেতন ও বকেয়া পুজোর সময় পান, সেদিকে নজর দেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু। বলেন, “যাঁরা মাসে ২৬ দিন, মাসে ২০ দিন পৌরসভাতে পরিষেবা দিচ্ছেন, গতমাসেও দিয়েছেন বা আজকেও দিয়েছেন, তাঁদের যাতে বেতন বকেয়া না থাকে, পেনশনপ্রাপকদের বাকি না থাকে, তা দেখা হচ্ছে। যাঁরা রেগুলার পৌরসভা ও পৌরনিগমে সাপ্লাই করেন, তাঁরাও যাতে কিছু কিছু তাঁদের বকেয়া বিলের কিছু পান, সবাই যাতে হাসিমুখে এই উৎসবে সামিল হতে পারেন, তা দেখা হচ্ছে।”
এদিন ভার্চুয়ালি সমস্ত পৌরসভার সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেকথা উল্লেখ করে তিনি বলেন, “জগদ্ধাত্রী পুজো পর্যন্ত আনন্দ উৎসবের মরশুম। সেটা যাতে সুষ্ঠু, সুন্দর হয়, তার জন্য কতগুলো দিকনির্দেশ আমি এবং মন্ত্রী দিয়েছি। প্রথমত রাস্তাঘাট সরানো।” এরপরই তিনি বলেন, “বিশেষ সাফাই অভিযান করতে বলা হয়েছে, যাতে দর্শনার্থীদের কোনও অসুবিধা না হয়।”
ডেঙ্গি নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “ডেঙ্গি নিয়ে চিন্তিত হওয়ার কোনও কারণ নেই। জানুয়ারি থেকে এখনও পর্যন্ত ১৮ জন ডেঙ্গিতে মারা গিয়েছেন। ভর্তি আছেন ২১০ জন। আতঙ্ক ছড়াবেন না। আধিকারিকদের জিজ্ঞাসা করে নিয়ে খবর করবেন।”
