Biman Bose: স্বাধীনতার পরের বছর কলকাতায় উড়েছিল ব্রিটেনের পতাকা, কী হয়েছিল সেদিন? স্মৃতির সরণিতে ডুব দিলেন বিমান বসু
Biman Bose Independence Day Memories: ছোটবেলাতেই তিনি স্বাধীনতার অর্থ জানতেন জানিয়ে বিমান বসু বলেন, "স্কুলেও স্বাধীনতা দিবসে যেতাম। লাড্ডু দিত। এটা মনে আছে। আমি বাচ্চা বয়স থেকেই কাগজ পড়ি। কাগজ পড়ে বুঝে নিতাম। ছোট বয়স হলেও স্বাধীনতা মানে কী, বুঝতে অসুবিধা হত না।"

কলকাতা: তাঁর জন্ম ১৯৪০ সালের ১ জুলাই। ভারত যখন স্বাধীন হয়, তখন তিনি সাত বছরের নাবালক। তবে এখনও স্মৃতিতে জ্বলজ্বল করছে ১৯৪৭ সালের ১৫ অগস্টের কথা। তাঁর মনে দাগ কেটেছে পরের বছর স্বাধীনতা দিবসের একটি ঘটনা। যা আজও চোখের সামনে ভাসছে তাঁর। ভারতের ৮০তম স্বাধীনতা দিবসে সেসব কথা টিভি৯ বাংলার সঙ্গে শেয়ার করলেন বর্ষীয়ান বাম নেতা বিমান বসু।
কী বললেন বিমান বসু?
স্মৃতির সরণি বেয়ে ১৯৪৭ সালের ১৫ অগস্টের কথা স্মরণ করে বিমান বসু বলেন, “১৯৪৭ সালে ভারতের স্বাধীনতা ঘোষণার পর বাড়িতে জাতীয় পতাকা লাগানো হয়েছিল, এটা মনে রয়েছে। আর খাওয়া দাওয়া হয়েছে।”
এরপরই ১৯৪৮ সালে স্বাধীনতা দিবসের কথা উল্লেখ করে তিনি বলেন, “১৯৪৮ সালে আমরা থাকতাম ২৩/১৬ গড়িয়াহাট রোডে। সেখানে বেশি বাড়ি ছিল না। একজন ডাক্তারবাবুর বাড়ি ছিল। আমাদের বাড়ি ছিল। পাশে একটা বাড়ি ছিল। লোকে বলত ঘোষেদের বাড়ি। রাস্তার উল্টোদিকে যেখানে এখন গোলপার্ক ও তার সামনে পেট্রল পাম্প রয়েছে। পেট্রল পাম্পের পাশে দেওয়াল দেওয়া যে বাড়িটা রয়েছে, ওই বাড়িতে তখন সাহেবরা থাকতেন। ১৯৪৮ সালে স্বাধীনতা দিবসে তাঁরা ইউনিয়ন জ্যাক (ব্রিটেনের জাতীয় পতাকা) উড়িয়েছিলেন। তা দেখে অনেকে হইহই করে যান।”
তখন তাঁর বয়স মাত্র ৮। তারপরও সেদিন বিক্ষোভে সামিল হয়েছিলেন জানিয়ে বলেন, “আমরাও সবাই ছুটলাম। ইট, পাটকেল মারল লোকে। তারপর ইউনিয়ন জ্যাক নামিয়ে আমাদের জাতীয় পতাকা তোলা হয়। এটা মনে আছে যে হুলস্থূল কাণ্ড হয়েছিল। পুলিশ এসেছিল। আমরা তখন ছোট। নিজেদের কিষ্কিন্ধ্যা বাহিনী বলতাম। আমরা কিষ্কিন্ধ্যা বাহিনী বড়দের সাহায্য করেছি। দেশ স্বাধীন হওয়ার পর তারা কেন ইউনিয়ন জ্যাক তুলবে, সেজন্য ইট পাটকেল ছোড়া হয়েছিল। তারপর তারা ওই বাড়ি থেকে চলে যায়। ওরা লন্ডনবাসী ছিল।”
ছোটবেলাতেই তিনি স্বাধীনতার অর্থ জানতেন জানিয়ে বিমান বসু বলেন, “স্কুলেও স্বাধীনতা দিবসে যেতাম। লাড্ডু দিত। এটা মনে আছে। আমি বাচ্চা বয়স থেকেই কাগজ পড়ি। কাগজ পড়ে বুঝে নিতাম। ছোট বয়স হলেও স্বাধীনতা মানে কী, বুঝতে অসুবিধা হত না।”
