
কলকাতা: রাজ্য পুলিশ-প্রশাসনে রদবদল আগেই করেছে নির্বাচন কমিশন। সরিয়ে দেওয়া হয়েছে সিপি-ডিজিপি সহ অনেককে। এমনকী সরানো হয়েছে বিডিওদেরও।আর এবার ডেপুটি সিইও পদে রদবদল নির্বাচন কমিশনের। সরানো হয়েছে সুব্রত পালকে। তাঁকে বদলি করা হয়েছে স্বাস্থ্য-দফতরে। তাঁর জায়গায় নিয়ে আসা হয়েছে রাহুল নাথকে। ভোটের আবহে কমিশনের বড় বদল।
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ পাল যখন ফুল বেঞ্চ সমেত কলকাতায় আসেন সেই সময় সমস্ত দায়িত্ব পালন করেছিলেন এই সুব্রত পাল। তিনি ২০১৮ সাল থেকে সিইও দফতরে কাজ করছেন। তবে ভোট যখন একেবারে মধ্য গগনে সেই সময় হঠাৎ করেই গতকাল সরিয়ে দেওয়া হয়েছে। অপরদিকে, নতুন ডেপুটি সিইও রাহুল আগেও কাজ করেছেন। পরবর্তী সময়ে তাঁকে বদল করে দেওয়া হয়। তবে, সুব্রত পালকে কী কারণে বদলি তা যদিও আলাদা করে বলা হয়নি। তবে প্রশ্ন উঠছে সুব্রতবাবু যখন কমিশনারের দায়িত্বে ছিলেন, এমনকী তাঁর প্রশংসাও করা হয়েছিল। হঠাৎ করে কী এমন হল যে তাঁকে বদলানো হল? উঠছে প্রশ্ন।
প্রসঙ্গত, ভোটের আবহে পুরো প্রশাসনে বদল এনেছে কমিশন। রবিবার ৮৪ জন বিডিওকে আগেই বদল করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে নন্দীগ্রামের বিডিও বদল করা হয়েছে বলে খবর। এর আগেও কলকাতার পুলিশ কমিশনার থেকে শুরু করে রাজ্যের ডিজিপি সকলকেই বদল করেছে কমিশন। বস্তুত, বাংলায় ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। লাগু হয়েছে আদর্শ আচরণবিধি। কিন্তু, কমিশন ভোটের দিনক্ষণ ঘোষণা করার আগে রাজ্য পুলিশে বড় রদবদল করেছে নবান্ন। জানা গিয়েছে, এর আগে ২৭ জন ইন্সপেক্টর ও ১২ থানার আইসি-কে বদলি করা হয়েছে।