
কলকাতা: অবশেষে প্রকাশ হচ্ছে সাপ্লিমেন্টারি লিস্ট। ২৮ ফেব্রুয়ারি এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশ হয়েছে ঠিকই, তবে এখনও ৬০ লক্ষ নাম রয়েছে বিচারাধীন তালিকায়। কত নাম বাদ পড়বে, তা নিয়ে প্রশ্ন রয়ে গিয়েছে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ঘোষণা হয়ে গিয়েছে। আর এবার প্রকাশ হতে চলেছে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট।
সুপ্রিম কোর্টের নির্দেশে, ৭০০-র বেশি জুডিশিয়াল অফিসার ওই নামগুলি খতিয়ে দেখছেন। সোমবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন, এদিন রাত ৯টায় প্রকাশ হবে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট।
মনোজ আগরওয়াল জানিয়েছেন, যে ড্যাশবোর্ড তাঁদের কাছে আছে, সেখানে তিনি দেখতে পাচ্ছেন, ২৯ লক্ষ নিষ্পত্তি হয়ে গিয়েছে। তবে শেষ পর্যন্ত বিচারকদের ই-সাইন হয়ে কত নাম আসবে, তা স্পষ্ট করে বলতে পারেননি তিনি। কত নাম বাদ যাবে, সে ব্যাপারে কিছু বলেননি সিইও। তবে, সূত্রের খবর, ১০ লক্ষ নাম বাদ পড়তে পারে। সোমবার রাতে শুধুমাত্র অনলাইনে দেখা যাবে তালিকা, প্রিন্ট হবে পরে। মঙ্গলবার প্রিন্ট করা তালিকা দেখা যাবে।
কমিশনের তরফে ভোট প্রক্রিয়া প্রসঙ্গে জানানো হয়েছে, বুথের দায়িত্ব থাকবে কেন্দ্রীয় বাহিনীর উপর। এখানে পুলিশের কোনও ভূমিকা নেই। ওয়েব ক্যামেরা কাজ না করলে রিপোল হবে বলে জানিয়েছেন তিনি। নাম বাদ গেলে, হাইকোর্টের তৈরি করা ট্রাইব্যুনালে আবেদন জানাতে পারবেন ভোটাররা।