
কলকাতা: বাংলায় ভয়মুক্ত ও শান্তিপূর্ণ নির্বাচন হবে। কমিশন তা বারেবারে বলেছে। তার জন্য প্রায় প্রতিদিন নতুন-নতুন পদক্ষেপ করছে। এরই মধ্যে দেখা গেল বলিউড গানে ভোটারদের বার্তা দিচ্ছে কমিশন। সেখানে নাম না করে তৃণমূলকেই যে কটাক্ষ করা হয়েছে বলে মত রাজনৈতিক মহলের। আর দক্ষিণ কলকাতার ডিইও-র সোশ্যাল মিডিয়া পেজে এমন পোস্ট করতেই বেড়েছে বিতর্ক। এবার সেই নিয়েই DEO-র থেকে লিখিত রিপোর্ট চাইলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল।
মুখ্য নির্বাচনী আধিকারিক জানতে চেয়েছেন, কেন তিনি এই পোস্ট করেছিলেন। কী উদ্দেশ্য নিয়ে তিনি এমন পোস্ট করেছেন তারও জবাব তলব করা হয়েছে। দ্রুত বিষয়টির লিখিত রিপোর্ট দিতে বললেন CEO।
ক্ষুব্ধ তৃণমূল
দক্ষিণ কলকাতার ডিইওর পোস্টের পরই সরব হয় তৃণমূল কংগ্রেস। কলকাতা দক্ষিণ জেলা নির্বাচন কর্মকর্তাকে অবিলম্বে অপসারণের দাবি তুলে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়ালকে চিঠি লেখে তারা। পোস্ট ডিলিট করারও আবেদন জানানো হয়েছি। এমনকী, জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫১-এর ধারা ১২৩(২)-এর আওতায় বলা হয়েছে,যে কোনও প্রত্যক্ষ বা পরোক্ষ হস্তক্ষেপ বা হস্তক্ষেপের চেষ্টা দুর্নীতিমূলক কাজ হিসেবে মানা হবে। এই পোস্টটিও সেই নিয়ম লঙ্ঘন করছে বলে দাবি তোলে। তৃণমূলের এই অভিযোগের পরই দ্রুত DEO-র কাছ থেকে রিপোর্ট চাইল কমিশন।
কী নিয়ে এত বিতর্ক?
দক্ষিণ কলকাতার ডিইও-র সোশ্যাল মিডিয়া পেজে একটি পোস্ট করা হয়। যেখানে মাধুরী ও আমিরের সিনেমার গানের একটি লিঙ্ক দেওয়া হয়েছে। গানটি হল “হাম প্যায়ার করনে ওয়ালে, দুনিয়া সে না ডরনে ওয়ালে/ ইয়ার জ্বলনে ওয়ালে কো জ্বালায়েঙ্গে…” । পোস্টের ক্যাপশনে লেখা, “সকল মা, বোন এবং ভাইদের নির্ভয়ে স্বাধীনভাবে ভোট দেওয়ার জন্য আহ্বান করা হচ্ছে। যদিও কিছু লোক এতে ক্ষুব্ধ হয়ে জ্বলতে পারে। গুণ্ডা, দাগী অপরাধীরা সাবধান। নিজেদের সঙ্গে পর্যাপ্ত পরিমাণে বার্নল এবং বোরোলিন মজুত রাখুন। নইলে উত্তাপ এতটাই তীব্র হবে যে আপনারা ভেতর থেকে পুড়ে যাবেন।” এই পোস্টের পরই তৈরি হয় যত বিতর্ক।