Indranil Sen Arrest: সিজিও থেকে বেরতেই সোজা গাড়িতে, পুজোর পাস জালিয়াতি মামলায় গ্রেফতার ইন্দ্রনীল সেন
Indranil Sen: কলকাতা পুলিশের দাবি, তদন্তে সাড়া দেননি ইন্দ্রনীল সেন। বারবার তলবও করা হয়েছিল তাঁকে। এদিন পুলিশের গোয়েন্দা বিভাগের সদস্যরা ইডি দফতরের বাইরেই অপেক্ষা করছিলেন। দুপুর থেকেই মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী।

কলকাতা: গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen)। সুজিত বসুর পর মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানার আরও এক মন্ত্রীকে গ্রেফতার করা হল। বুধবার সিজিও কমপ্লেক্স থেকে বেরতেই ইন্দ্রনীলকে গাড়িতে তুলে নেন পুলিশ আধিকারিকরা। পুজোর পাসের নামে কোটি কোটি টাকা জালিয়াতির মামলায় গ্রেফতার করা হল ইন্দ্রনীলকে।
বুধবার দুপুরে নির্ধারিত সময়ে সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান ইন্দ্রনীল সেন। দুপুরে যখন তাঁকে ইডি দফতরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল, তখন বাইরে অপেক্ষা করছিল বিশাল পুলিশ বাহিনী। তিনি বাইরে পা রাখতেই তাঁকে গাড়িতে তুলে নেয় পুলিশ। পুলিশ সূত্রে খবর, পুজোর পাসের নামে জালিয়াতির অভিযোগ দায়ের হয় ইন্দ্রনীলের বিরুদ্ধে। বারবার চেষ্টা করেও তাঁর নাগাল পাচ্ছিল না পুলিশ। আদালতে ছুটলেও পুলিশের কাছে ধরা দিচ্ছিলেন না তিনি। সেই কারণে পুলিশ এদিন ওঁৎ পেতে ছিল।
কী অভিযোগ ইন্দ্রনীলের বিরুদ্ধে
দুর্গাপুজোর পাস বিক্রির অভিযোগ উঠেছে ইন্দ্রনীল সেনের নামে। ঘটনায় নাম নাম জড়ায় ইন্দ্রনীল ও তাঁর স্ত্রীর। তাঁদের সংস্থা ‘মাস আর্ট’-এর মাধ্যমে ইউনেস্কোর নামে পুজোর পাস বিক্রি করা হত বলে অভিযোগ। ইউনেস্কোর নাম ব্যবহার করে ভিআইপি পাস ও টিকিট চড়া দামে বিক্রি করার গুরুতর অভিযোগ ওঠে ইন্দ্রনীলের বিরুদ্ধে। সেই মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি তদন্ত শুরু করে। তাঁর বাড়িতে তল্লাশিও চালানো হয়।
আগাম জামিনের আর্জি খারিজ হয়ে যায়
কলকাতা হাইকোর্টে আগাম জামিন চেয়ে আর্জি জানিয়েছিলেন ইন্দ্রনীল সেন। কিন্তু সেই শুনানিতে স্বস্তি পাননি তিনি। তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করে দেয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ। এরপর গ্রেফতারির আশঙ্কা জোরাল হতেই সুপ্রিম কোর্টে ছুটলেন প্রাক্তন মন্ত্রী। কিন্তু শুনানি থেকে নিজেকে সরিয়ে নেন বিচারপতি দীপঙ্কর দত্ত। ব্যক্তি ইন্দ্রনীল সেন ও তাঁর সম্পর্কিত মামলার সঙ্গে পূর্বে যুক্ত থাকার কারণে বিচারপতি এই সিদ্ধান্ত নেন। ফলে শুনানি হয়নি। এই মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী ২ নভেম্বর।
