Taratala Disaster: তারাতলার বিপর্যয়ের পর মুখ্যমন্ত্রীর গঠিত হাইপাওয়ার কমিটির প্রথম বৈঠক! কী বলছে SOP?
Taratala Disaster Update: বৈঠক সূত্রে খবর, জ়োন ধরে ধরে টিম তৈরি করা হবে। একদিনে যতটা বেশি সম্ভব নির্মীয়মান বহুতল পরিদর্শন করাই হবে টিমের মূল দায়িত্ব। রিপোর্ট তৈরি করতে হবে ত্রুটি মুক্ত। রাজনৈতিক কোনও প্রভাব কোনওভাবেই থাকবে না।

কলকাতা: তারাতলার বিপর্যয়ের পর মুখ্যমন্ত্রীর গঠিত হাই পাওয়ার কমিটির প্রথম বৈঠক হল কলকাতা পুরসভায়। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তৈরি করা হচ্ছে এসওপি। সেই এসওপি অনুযায়ী আগামী সপ্তাহ থেকে কলকাতার ১৪৪টি ওয়ার্ডের বাণিজ্যিক এবং ব্যক্তিগত বা বড় বড় আবাসন যেগুলি মূলত নির্মীয়মান, সেখানে অডিটের জন্য অভিযান চালানো হবে।
শুক্রবার কলকাতা পুরসভায় এই বৈঠকে কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দা, কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পান্ডে, কমিটির চেয়ারম্যান অ্যাডিশনাল চিফ সেক্রেটারি রাজেশ পান্ডে সহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বৈঠক সূত্রে খবর, জ়োন ধরে ধরে টিম তৈরি করা হবে। একদিনে যতটা বেশি সম্ভব নির্মীয়মান বহুতল পরিদর্শন করাই হবে টিমের মূল দায়িত্ব। রিপোর্ট তৈরি করতে হবে ত্রুটি মুক্ত। রাজনৈতিক কোনও প্রভাব কোনওভাবেই থাকবে না।
পরিদর্শনের সময় নির্মীয়মান বহুতল গুলির একাধিক বিষয় নজর রাখতে হবে বলেও বৈঠকে ঠিক হয়েছে। বিশেষ করে, নকশা অনুমোদন এবং অনুমোদিত নকশা অনুযায়ী কাজ হচ্ছে কিনা, সেই বিষয়গুলোকে নজর রাখতে হবে। এছাড়াও একাধিক বিষয়কে প্রাথমিকভাবে এসওপিতে রাখা হচ্ছে।
অন্যদিকে তারাতলা বিপর্যয়ে ইতিমধ্যেই মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৬। হাসপাতালেও ভর্তি অনেকে। এখনও চলছে উদ্ধার কাজ। NDRF-এর পক্ষ থেকে পুরো এলাকাকে ছ’টি ভাগে ভাগ করে স্ক্যান করে চালানো হচ্ছে উদ্ধারকাজ। পাশাপাশি সেনার তরফ থেকে তৈরি করা হয়েছে অস্থায়ী আইসিইউ রুম। উদ্ধার করতে গিয়ে কেউ যদি আহত হয় তাহলে ওই জায়গাতেই থাকছে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা। রয়েছে ডাক্তার, রয়েছে লাইফ সাপোর্ট মেশিন, প্রচুর পরিমাণে ওষুধ, স্যালাইনের বোতল।
