Calcutta High Court on Hajj Yatra: SIR-এর জেরে সঙ্কটে হজ যাত্রীরা, ২ সপ্তাহের মধ্যেই সিদ্ধান্ত নিতে বললেন বিচারপতি
Calcutta High Court: হজ যাত্রার জন্য প্রয়োজন পাসপোর্ট। অন্তত ছ'মাসের মেয়াদসহ আসল পাসপোর্ট। এ দিকে,পাসপোর্ট বানাতে লাগে ভোটার আইডি ও আধার কার্ড সহ একাধিক নথি। ফলে ভোটার কার্ড না দেখাতে পারায় তৈরি করা যাচ্ছে না পাসপোর্ট। আর তার জেরেই সমস্যায় পড়তে হচ্ছে।

কলকাতা: ভোটার তালিকায় নাম ওঠেনি প্রচুর মানুষের। বিচারাধীন রয়েছে তাঁদের নাম। সেই রকমই প্রচুর হজযাত্রীদের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে। কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) এই নিয়ে মামলা হয়েছিল। সোমবার ছিল সেই মামলার শুনানি। দ্রুত আপিল নিষ্পত্তির নির্দেশ দিয়েছে হাইকোর্টের।
এ দিন, হজ সংক্রান্ত মামলা উঠেছিল বিচারপতি কৃষ্ণা রাওয়ের একক বেঞ্চে। একক বেঞ্চের নির্দেশ, SIR-এ বিচারপ্রক্রিয়ায় আবেদনকারীদের আপিল দ্রুত বিবেচনা করতে হবে। সম্ভব হলে দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে, নির্দেশ কোর্টের।
আবেদনকারীদের দাবি, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় হজযাত্রার জন্য প্রয়োজনীয় পাসপোর্ট ও ভিসা পেতে সমস্যার মুখে পড়তে হচ্ছে। মামলাকারীরা আদালতে জানিয়েছেন, ইতিমধ্যেই ট্রাইব্যুনালে আপিল করেছেন তাঁরা। শুনানিরও আবেদন করা হয়েছে। এরপর রাজ্যের পক্ষ থেকে আদালতকে জানানো হয়, আবেদনকারীরা ট্রাইব্যুনালের দ্বারস্থ হলে, আইন অনুযায়ী তাঁদের আপিল বিবেচনা করা হবে। এরপরই দ্রুত শুনানির নির্দেশ দিয়েছে কোর্ট।
হজ যাত্রার জন্য প্রয়োজন পাসপোর্ট। অন্তত ছ’মাসের মেয়াদসহ আসল পাসপোর্ট। এ দিকে,পাসপোর্ট বানাতে লাগে ভোটার আইডি ও আধার কার্ড সহ একাধিক নথি। ফলে ভোটার কার্ড না দেখাতে পারায় তৈরি করা যাচ্ছে না পাসপোর্ট। আর তার জেরেই সমস্যায় পড়তে হচ্ছে। এছাড়া লাগবে অনুমোদিত হজ ভিসা এবং ডিজিটাল বা প্রিন্টেড হজ পারমিট। হজ পরিচয়পত্র বা স্মার্ট কার্ড, পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
