AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

High Court on CP: ‘হাইকোর্টের ক্ষমতা ভুলে যাবেন না… খেলার জিনিস নাকি?’, পুলিশ কমিশনারকে কড়া ভর্ৎসনা হাইকোর্টের

High Court on CP: আদালতের বক্তব্য, "পুলিশ আদালতের নির্দেশ নিয়ে উপহাস করেছে।" বিচারপতি মান্থা এদিন পুলিশ কমিশনারের উদ্দেশে বলেন, "ভুলে যাবেন না, হাইকোর্টের ক্ষমতা কত।" আগামী ২২ মার্চ ভার্চুয়ালি হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ কমিশনারকে।

High Court on CP: 'হাইকোর্টের ক্ষমতা ভুলে যাবেন না... খেলার জিনিস নাকি?', পুলিশ কমিশনারকে কড়া ভর্ৎসনা হাইকোর্টের
কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। Image Credit: GFX- TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 15, 2024 | 2:26 PM
Share

কলকাতা: হাইকোর্টের নির্দেশ না মানায় কলকাতার পুলিশ কমিশনারকে কড়া ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের। কমিশনারকে উত্তর দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। পরবর্তী শুনানিতে ভার্চুয়ালি হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সিপি-কে। একটি মোবাইল চুরির মামলায় তাঁকে যে নির্দেশ দেওয়া হয়েছিল, তা মানা হয়নি বলে অভিযোগ। আদালত অবমাননার সেই অভিযোগ শুনেই ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি মান্থা। তিনি প্রশ্ন তোলেন, ‘আদালতের নির্দেশ কি খেলার জিনিস?’

মামলাকারীর নাম পঙ্কজ কুমার দুগার। তাঁর মোবাইল চুরি যাওয়ার পর মামলা গড়ায় হাইকোর্টে। ২০২২ সালের ওই মামলায় সিসিটিভি ফুটেজ দেখে আদালতে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কমিশনার নিজে সেই রিপোর্ট না দেওয়ায় অবমাননার অভিযোগ ওঠে। আবেদনে জানানো হয়েছিল, ১৮ জুন, ২০২২ তারিখে তাঁর মোবাইলের টাওয়ার লোকেশন কোথায়, তা জানাতে হবে মোবাইল সংস্থাকে।

একই সঙ্গে ওই দিন আলিপুর পুলিশ কোর্ট থেকে হাজরা ক্রসিং ও কালীঘাট ফায়ার স্টেশন পর্যন্ত পুরো এলাকার সিসিটিভি ফুটেজ দেওয়ার আবেদনও জানানো হয়েছিল। আদালত পুলিশ কমিশনারকে যাবতীয় ফুটেজ সংরক্ষণ করার নির্দেশ দেয়। ওই মোবাইল সংস্থা থেকে তথ্য নিয়ে আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এই নির্দেশের পরেও কাজ হয়নি বলে অভিযোগ। উল্টে পুলিশ কমিশনারের হয়ে কালীঘাট থানার ওসি রিপোর্ট দেয় আদালতকে।

আদালতের বক্তব্য, “পুলিশ আদালতের নির্দেশ নিয়ে উপহাস করেছে।” বিচারপতি মান্থা এদিন পুলিশ কমিশনারের উদ্দেশে বলেন, “ভুলে যাবেন না, হাইকোর্টের ক্ষমতা কত।” কমিশনারের উদ্দেশে বিচারপতি আরও বলেন, “আদালতের নির্দেশ কি খেলার জিনিস? হাইকোর্টের অর্ডার না মানলেও চলবে বলে কি পুলিশ মনে করছে? কেন আদালত অবমাননার জন্য তাঁর বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপের নির্দেশ দেব না?”

আগামী ২২ মার্চ ওই মামলার পরবর্তী শুনানি। ওইদিন সিপি-কে ভার্চুয়ালি হাজিরার জন্য তলব করা হয়েছে।

Follow Us