Bangladesh vs Pakistan: ঘরের মাঠেই পাকিস্তানের কাছে হার, সাফ কাপ থেকে বিদায় বাংলাদেশের
SAFF Cup 2026: ২০০৫ সালের ১৪ ডিসেম্বর সাফ কাপের সেমিফাইনালে শেষবার বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে সাফ কাপের ফাইনালে উঠেছিল। তারপর ২১ বছর কেটে গেলেও দুই দেশের সামনে সুযোগ ছিল ফাইনালে ওঠার। প্রথম সেমিফাইনালে ইতিমধ্যেই ভুটানকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে ইতিমধ্যেই জায়গা নিশ্চিত করেছে ভারত।

ঢাকা: বাংলাদেশ মানেই উন্মত্ত সমর্থন। সে কি ফুটবল হোক, ক্রিকেট হোক বা সিনেমা – বাংলাদেশের সমর্থন দেখে গোটা বিশ্বের চোখ টাটাতে বাধ্য। কিন্তু আজ, শনিবার সাফ কাপের সেমিফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে যা ঘটল, তাকে উন্মত্ততা বলা না গেলেও আবেগপ্রবণ হয়ে ভুল সিদ্ধান্ত বলাই যেতে পারে। নাহলে দল হারলে বহু সমর্থকই খারাপ কথা বলেন, হতাশা প্রকাশ করেন কিন্তু এমন উন্মত্ততা? যদিও এতে ম্যাচের ফল বদলায়নি। পাকিস্তানের কাছে ১-০ হেরে সাফ কাপ থেকে ছিটকে গেল আয়োজক দেশ বাংলাদেশ। কিন্তু ম্যাচে যা ঘটল, তা আজ যথেষ্ট লজ্জাজনক।
২০০৫ সালের ১৪ ডিসেম্বর সাফ কাপের সেমিফাইনালে শেষবার বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে সাফ কাপের ফাইনালে উঠেছিল। তারপর ২১ বছর কেটে গেলেও দুই দেশের সামনে সুযোগ ছিল ফাইনালে ওঠার। আজ ম্যাচে জোড়া পরিবর্তন করেছিল বাংলাদেশ। সাদউদ্দিনের বদলে দলে এসেছিলেন রহমত মিয়া। প্রথম সেমিফাইনালে ভুটানকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে ইতিমধ্যেই জায়গা নিশ্চিত করেছে ভারত।
প্রথমার্ধে দুই দলই আক্রমণ করতে থাকে কিন্তু গোল আসেনি। ৩০ মিনিটে পাকিস্তানের আব্দুস সামাদ গোলমুখী আক্রমণ করলেও তা পোস্টে লেগে প্রতিহত হয়। প্রথমার্ধে বেশিরভাগ আক্রমণ বাংলাদেশ করলেও স্কোরবোর্ড গোলশূন্য থাকে। দ্বিতীয়ার্ধে দুই দলের মধ্যে সমানতালে লড়াই চললেও পাকিস্তান ধীরেধীরে ঝাঁঝ বাড়াতে থাকে। ৮৬ মিনিটের মাথায় গোল পায় পাকিস্তান। আব্দুল আরশাদ দুরন্ত গোল করে এগিয়ে দেন পাকিস্তানকে। কিন্তু এরপর থেকেই যেন চূড়ান্ত বিশৃঙ্খলা শুরু হয়। ৯০ মিনিট অতিক্রান্ত হওয়ার পরেই হতাশ বাংলাদেশি সমর্থকরা মাঠে ফ্লেয়ার ছোঁড়া শুরু করেন। এমনকি বাংলাদেশের তারকা ফুটবলার হামজা চৌধুরী অবধি সমর্থকদের শান্ত করার চেষ্টা করেন। কিন্তু তাতেও কোনও কিছুই থামেনি। বেশ কিছুক্ষন ম্যাচ বন্ধ থাকার পর আবার খেলা শুরু হয়। শেষ অবধি বাংলাদেশ ১-০ গোলে হেরে বিদায় নেয় পাকিস্তানের বিরুদ্ধে।
এই ম্যাচে জিতে ইতিহাসে প্রথমবারের জন্য সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলবে পাকিস্তান। মঙ্গলবার ভারতের বিরুদ্ধে খেলবে পাকিস্তান। আজ বাংলাদেশ প্রায় ৬৫% বল নিজের দখলে রাখলেও গোল করতে পারেনি। এমনকি শারীরিক বল দখলেও বাংলাদেশের থেকে অনেক এগিয়ে ছিল পাকিস্তান। ফলে একপ্রকার যোগ্য দল হিসেবেই ফাইনালে গেল পাকিস্তান।
