AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SIR-এ ফাইনাল লিস্টে নাম না থাকলে কী করবেন? কোথায় যাবেন?

electoralsearch.eci.gov.in - এই ওয়েবসাইটে গিয়ে চেক করতে হবে, নাম উঠল কি না। নিজের এপিক নম্বর দিয়ে সার্চ করলেই নাম দেখতে পাবেন। এছাড়া মা-বাবার নাম দিয়েও সার্চ করতে পারবেন। যদি আগে থেকে ভোটার কার্ডের সঙ্গে আপনার ফোন নম্বর লিংক করা থাকলে আপনি ফোন নম্বর দিয়েও সার্চ করতে পারবেন।

SIR-এ ফাইনাল লিস্টে নাম না থাকলে কী করবেন? কোথায় যাবেন?
Image Credit: PTI
| Updated on: Feb 17, 2026 | 5:38 PM
Share

৯ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর প্রক্রিয়া চলছে গত অক্টোবর মাসের শেষ থেকে। খসড়া তালিকা প্রকাশ হওয়ার পর শুনানি পর্বও শেষ হয়েছে। গত ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল। সুপ্রিম কোর্টের নির্দেশের পর আপাতত নথি পুনরায় যাচাইয়ের প্রক্রিয়া চলছে। আগামী ২৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে চূড়ান্ত তালিকা প্রকাশ হবে। এখন প্রশ্ন হল, সেই তালিকায় যদি আপনার নাম না ওঠে, তাহলে আপনি কী করবেন? ২০২৬-এর বিধানসভা নির্বাচনে কি ভোট দিতে পারবেন? পরবর্তী পদক্ষেপই বা কী হবে?

নাম উঠেছে কি না কীভাবে দেখবেন?

electoralsearch.eci.gov.in – এই ওয়েবসাইটে গিয়ে চেক করতে হবে, নাম উঠল কি না। নিজের এপিক নম্বর দিয়ে সার্চ করলেই নাম দেখতে পাবেন। এছাড়া মা-বাবার নাম দিয়েও সার্চ করতে পারবেন। যদি আগে থেকে ভোটার কার্ডের সঙ্গে আপনার ফোন নম্বর লিংক করা থাকলে আপনি ফোন নম্বর দিয়েও সার্চ করতে পারবেন।

এপিক নম্বর না থাকলে কী করবেন

voters.eci.gov.in-এ গিয়ে download electoral roll এপিক নম্বর না থাকলে আপনার রাজ্যের ইলেকটোরাল রোল চেক করুন। সেখানে গিয়ে নিজের বিধানসভা কেন্দ্র, পোলিং বুথ দিয়ে সার্চ করুন। ইলেকটোরাল রোল ডাউনলোড করুন। নিজের পোলিং বুথ খুঁজে বের করে, তাতে নিজের নাম খুঁজে নিন।

চূড়ান্ত তালিকায় নিজের নাম না খুঁজে পেলে কী করবেন

ডিইও-র কাছে আবেদন: যদি আপনার নাম চূড়ান্ত তালিকায় না থাকে, তাহলে আপনি কমিশনে আবেদন জানাতে পারেন। তালিকা প্রকাশ হওয়ার ১৫ দিনের মধ্যে জেলাশাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার (ডিইও)-র কাছে আবেদন জানাতে পারবেন।

সিইও-র কাছে আবেদন: ডিইও যদি আপনার নাম তালিকায় না তোলার সিদ্ধান্ত জানান, তাহলে সেই সিদ্ধান্তকেও চ্যালেঞ্জ করতে পারেন আপনি। সে ক্ষেত্রে পরবর্তী ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট রাজ্যের চিফ ইলেকটোরাল অফিসারের কাছে আবেদন করতে পারবেন।

voters.eci.gov.in-এর মাধ্যমে অথবা বিএলও-দের মাধ্যমে এই আবেদন জানাতে পারবেন। ডিইও-র মাধ্যমেও আবেদন জানাতে পারবেন। electoralsearch.eci.gov.in পোর্টালে আপনার এপিক নম্বর দিয়ে সংশ্লিষ্ট বিএলও ও ডিইও-র নাম ও ফোন নম্বর দেখতে পাবেন।

ফর্ম ৬ রেজিস্ট্রেশন: যদি সিইও আপনার আবেদন খারিজ করে দেয়, তাহলে ফর্ম ৬-এর মাধ্যমে আবেদন জানাতে পারবেন আপনি। অর্থাৎ নতুন করে ভোটার হিসেবে নাম তোলার জন্য আবেদন করতে হবে। ১৮ বছর বয়স হয়ে গেলেই আপনি আবেদন করতে পারবেন।

ECINET অ্যাপ বা পোর্টাল থেকে ফর্ম নিতে পারবেন। তারপর ফিল আপ করে বিএলও ও ইআরও-র কাছে জমা দিতে পারবেন। তবে ভোট কাছে এসে গেলে নিয়ম অনুযায়ী, একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই আবেদন করতে পারবেন। যেখানে রয়েছে, সেখানে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনের ১০ দিন আগে ফর্ম ৬ জমা দিতে পারবেন।

তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কবে পর্যন্ত আবেদন করা যাবে, কী হবে প্রক্রিয়া, সে ব্যাপারে নির্বাচন কমিশনের তরফে এখনও পর্যন্ত কোনও নির্দেশিকা দেওয়া হয়নি।