
কলকাতা: ফরওয়ার্ড ব্লকের আহ্বানকে পাত্তা দিতে নারাজ ভিক্টর। ফরওয়ার্ড ব্লক ভুল ছিল, তারা আজ স্বীকার করল, সাফ কথা ভিক্টরের। চাকুলিয়া বিধানসভা কেন্দ্রের দুই বারের ফরওয়ার্ড ব্লক বিধায়ক আলি ইমরান রমজ ওরফে ভিক্টর এখন কংগ্রেস নেতা। লোকসভা নির্বাচনে রায়গঞ্জ কেন্দ্রে প্রদেশ কংগ্রেসের ভরসা করেছিল প্রাক্তন সেই বাম বিধায়কের উপরেই। কারণ তিনি যে এখন কংগ্রেসের বড় নেতা। এদিকে বিধানসভা ভোট এগিয়ে আসতেই ফের চর্চায় সেই ভিক্টর। শোনা যাচ্ছিল, হাত ছেড়ে ফের তাঁর ঘরওয়াপসি হতে চলেছে। কিন্তু সেই জল্পনা নিজেই ওড়াচ্ছেন তিনি।
কংগ্রেস ছেড়ে কোথাও না যাওয়ার সিদ্ধান্তে অনড় ভিক্টর। তবে ফরওয়ার্ড ব্লক অবশ্য আশাবাদী ভিক্টর ফিরছেন। এমনকী ভিক্টরের ফিরে আসার অনুষ্ঠানের প্রাথমিক পরিকল্পনাও হয়েছে বলে সূত্রের খবর। ভিক্টরের সঙ্গে দ্রুত নরেনের কথা হবে বলেও দাবি ফব সূত্রের। তবে ভিক্টর আছের ভিক্টরেই! তিনি বলছেন, “আজই আমি আজ বিভিন্ন সংবাদমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে একটা বিবৃতি দিয়ে বলা হয়েছে ভিক্টর সহ যাঁরা দল ছেড়েছেন তাঁদের ফিরে আসার আহ্বান জানাচ্ছি। ভুল বোঝাবুঝি হয়েছে। সেটা ওরা স্বীকার করেছে।”
ভিক্টরের সাফ দাবি, ভুল স্বীকার করে ফরওয়ার্ড ব্লক প্রমাণ করেছে অতীতে ভুল নেতৃত্বের কারণেই এমনটা হয়েছে। তিনি স্পষ্ট বলছেন, “আজ আমরা আমারও প্রমাণ করলাম ফরওয়ার্ড ব্লক সেদিনও ভুল ছিল আজও ভুল আছে।” প্রসঙ্গত, দল-বিরোধী কার্যকলাপ এবং শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছিল ভিক্টরের বিরুদ্ধে। এ নিয়ে চাপানউতোরের মধ্যেই ২০২২ সালের শেষে তাঁকে ফরওয়ার্ড ব্লক থেকে সাসপেন্ড করা হয়। এদিকে আগেই আবার দলের মতাদর্শগত অবস্থান এবং রাজ্যে দল পরিচালনার পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে আজ়াদ হিন্দ মঞ্চ গড়ে ফেলেছিলেন ভিক্টর সহ তাঁর অনুগামীরা। এখন দেখার এবার ভোটের আগে দল-বদলের জল্পনার জল কোনদিকে গড়ায়।