FIR Against Abhishek: AI নির্মিত ভিডিয়ো! সাংবাদিক বৈঠকের ৩ ঘণ্টা কাটল না,অভিষেকের বিরুদ্ধে বড় পদক্ষেপ পুলিশের
মমতা তৃণমূল নেতা ও আইনজীবী বৈশ্বানর চট্টোপাধ্যায় বলেন, "উনি একদম সঠিক ভিডিয়ো দেখিয়েছেন। এটা বিজেপির কথাতেই হয়েছে। অভিষেকের কাছে তথ্য আছে বলেই দেখিয়েছেন।" গণতান্ত্রিক তৃণমূলের নেতা আখরুজ্জামান বলেন, "বলার মতো কিছু ছিল না। নতুন ভাবে বাজার গরম করতে সাংবাদিক বৈঠক ডাকা হয়েছে। উনি শুনে রাখুন, পুলিশ আমাদের সঙ্গে নেই।

কলকাতা: ডায়মন্ড-হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর (FIR) করল পুলিশ। শনিবার বিকেল চারটে নাগাদ অভিষেক সাংবাদিক বৈঠক করেন। সেখানে কালনা থানার একটি ভিডিয়ো প্রকাশ করে সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ করেন। সেই ঘটনায় এফআইআর (FIR) দায়ের করা হয়েছে। থানার ছবি বাইরে কী করে প্রকাশ করলেন অভিষেক? এই ছবি এআই (AI) দিয়ে করা, দাবি পুলিশের।
ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ‘গণতান্ত্রিক তৃণমূল’-কে ঘিরে জাল হলফনামা তৈরির অভিযোগ তুলে পুলিশের বিরুদ্ধে সরব হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে কালীঘাট শিবির থানায় অভিযোগ জানিয়েছিল। এরপর বিকেলে দিল্লিতে সাংবাদিকদের সামনে ভিডিয়ো তুলে ধরে একই অভিযোগ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর হুঁশিয়ারি, এই ঘটনার প্রতিবাদে প্রয়োজনে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট,সব আইনি পথেই লড়াই চালাবে দল।
অভিষেক যে ভিডিয়ো প্রকাশ্যে এনেছেন, সেখানে কালনা থানা লেখা একটি বোর্ড দেখা গিয়েছে। শুধু তাই নয়, একটি ঘরে কয়েক জনকে বসে কাগজপত্র সাজানোর কাজ করতে দেখা গিয়েছে। তাঁর দাবি, এই নথিগুলি হল সেই হলফনামা, যা ঋতব্রত শিবির নির্বাচন কমিশনে জমা দিয়েছে। সাংসদের দাবি, ওই হলফনামায় ‘জাল সই’ করছেন পুলিশকর্মীরা। এই ভিডিয়োগুলোই সব AI নির্মিত বলে দাবি করেছে কালনা থানার পুলিশ।
মমতা তৃণমূল নেতা ও আইনজীবী বৈশ্বানর চট্টোপাধ্যায় বলেন, “উনি একদম সঠিক ভিডিয়ো দেখিয়েছেন। এটা বিজেপির কথাতেই হয়েছে। অভিষেকের কাছে তথ্য আছে বলেই দেখিয়েছেন।” গণতান্ত্রিক তৃণমূলের নেতা আখরুজ্জামান বলেন, “বলার মতো কিছু ছিল না। নতুন ভাবে বাজার গরম করতে সাংবাদিক বৈঠক ডাকা হয়েছে। উনি শুনে রাখুন, পুলিশ আমাদের সঙ্গে নেই। বিভিন্ন জায়গায় আমাদের নেতৃত্বকে হেনস্থা করেছে।” বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার বলেন, “উনি ফেক নেতা। তাই ফেক ভিডিয়ো ব্যবহার করবে সেইটাই স্বাভাবিক।”
