Mustard Oil: ‘২০০ টাকায় সর্ষের তেল বেচতে গেলে ব্যবসা বন্ধ করে দিতে হবে’, সামনে এল মূল্যবৃদ্ধির আসল কারণ
Price Hike: পোস্তা বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এদিন ব্যবসায়ীদের বার্তা দেন, যাতে ন্যুনতম লাভ রেখে বা লাভ না রেখে বিক্রি করা হয়। কিন্তু সেটাও সম্ভব নয় বলে জানান ব্যবসায়ীরা। কেন দাম এত বেশি, সেটাও ব্যাখ্যা করেছেন ব্যবসায়ীরা।

কলকাতা: সর্ষের তেলের দাম (Mustard Oil Price) নিয়ে মঙ্গলবার উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকও করেন তিনি। নির্দেশ ছিল, দ্রুত দাম কমাতে হবে। বিশেষ সর্ষের তেলের দাম নিয়ে কড়া নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তারপর বুধবারই বৈঠকে বসেন পোস্তা বাজারের মার্চেন্ট এসোসিয়েশন। সেই বৈঠকে ব্যবসায়ীদের দাম কমানোর বার্তা দেওয়া হলেও সর্ষের তেল নিয়ে উদ্বেগ কাটল না। ব্যবসায়ীরা সাফ জানালেন, ২০০ টাকায় তেল বিক্রি করা সম্ভব নয়।
পোস্তা বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এদিন ব্যবসায়ীদের বার্তা দেন, যাতে ন্যুনতম লাভ রেখে বা লাভ না রেখে বিক্রি করা হয়। কিন্তু সেটাও সম্ভব নয় বলে জানান ব্যবসায়ীরা। কেন দাম এত বেশি, সেটাও ব্যাখ্যা করেছেন ব্যবসায়ীরা।
কেন সর্ষের তেলের দাম বেশি?
বৈঠকে ব্যবসায়ীরা জানান, সর্ষে মূলত হরিয়ানা, পঞ্জাব, গুজরাত ও রাজস্থানে ফলে। এই সমস্ত জায়গা থেকেই আসে সর্ষের তেল। কিন্তু সেখানকার মিল মালিকরাই দাম বাড়িয়ে রেখেছে বলে অভিযোগ। এতে কেন্দ্রীয় সরকারকে হস্তক্ষেপ করতে হবে বলে দাবি করেছেন তাঁরা।
বৈঠকের পর এক ব্যবসায়ী বলেন, ফলন কম হয়েছে। তাই এবার দাম বেশি। বড় বড় সংস্থা তেল কিনে নিচ্ছে। তিনি হিসেব দিয়ে বলেন, “রাজস্থানে ২১০ টাকায় বিক্রি হচ্ছে সর্ষের তেল। সেখান থেকে আনতে গেলে জিএসটি নিয়ে ১৫ টাকা খরচ আছে। ২৩৫ টাকার তেল ২০০ টাকায় বিক্রি করব কীভাবে, তাহলে ব্যবসা বন্ধ করে দিতে হবে।”
আর এক ব্যবসায়ী বলেন, “ওখানে না কমলে, এখানে কী করে দাম কমবে? তাহলে ব্যবসা বন্ধ করতে হবে। ন্যুনতম লাভ না থাকলে কী করব! কোনওভাবেই সম্ভব নয়।” সিজন এলে আপনা আপনিই দাম কমে যাবে বলে মনে করছেন তাঁরা।
কী বলছে মার্চেন্ট অ্যাসোসিয়েশন?
মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শ্যামল আগরওয়াল জানান, ব্যবসায়ীদের এই অভিযোগ শোনার পরই তাঁরা বিভিন্ন মালিকদের সঙ্গে কথা বলেছেন। জানিয়েছেন যে পশ্চিমবঙ্গই সবচেয়ে বেশি সর্ষের তেল আমদানি করে, দাম না কমালে আর নেওয়া সম্ভব হবে না। কয়েকজন ব্যবসায়ী সহযোগিতা করবেন বলেও জানিয়েছেন। তাঁরা বৈঠকেও বসবেন আগামী কয়েকদিনের মধ্যে। তারপরেই দাম কমবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।
