CJP: কলকাতায় হল না ‘ককরোচ’দের বৈঠক! কেন?
CJP Meeting Cancelled in Kolkata: সামাজিক মাধ্যমে গোটা বিষয়টি জানিয়ে পোস্ট করেছেন CJP-এর মুখপাত্র আশুতোষ রাঙ্কা। তাঁর বক্তব্য, ককরোচদের ভয় পাচ্ছে বিজেপি। খুব শীঘ্রই যে তারা আরও কর্মসূচির পথে হাঁটছেন, সে কথাও তিনি পোস্টে জানিয়েছেন। পাশাপাশি বাংলার স্কুলগুলোতে যে অভিযান জারি থাকবে, তাও স্পষ্ট করেছেন।

কলকাতা: এবার কলকাতায় ‘ককরোচ’দের বৈঠক বাতিল। শেষ মুহূর্তে বুকিং বাতিলের অভিযোগ হল মালিকের বিরুদ্ধে। মঙ্গলবারই উত্তর কলকাতার ভারত সভা হলে সভা করার কথা ছিল CJP-এর। কিন্তু অভিযোগ, বিজেপির হুমকির জেরে হল মালিক শেষ মুহূর্তে বুকিং বাতিল করেন। সামাজিক মাধ্যমে গোটা বিষয়টি জানিয়ে পোস্ট করেছেন CJP-এর মুখপাত্র আশুতোষ রাঙ্কা। তাঁর বক্তব্য, ককরোচদের ভয় পাচ্ছে বিজেপি। খুব শীঘ্রই যে তারা আরও কর্মসূচির পথে হাঁটছেন, সে কথাও তিনি পোস্টে জানিয়েছেন। পাশাপাশি বাংলার স্কুলগুলোতে যে অভিযান জারি থাকবে, তাও স্পষ্ট করেছেন।

আশুতোষ রাঙ্কা বলেন, “ভারত সভা হল বুক করে ফেলেছিলাম। আজ যখন গেলাম, আমাদের ওপর বিজেপির স্থানীয় নেতার চাপ রয়েছে। আজ এই মিটিং আপনারা করতে পারবেন না। বাংলায় বিজেপি ক্ষমতায় এসেছে ৪ মাস হয়েছে। এই সরকারি খুব সহজেই বলতে পারত, আমরা সরকারি স্কুলগুলোকে নিয়ে কাজ করব, একটু সময় দিন। বাংলার শিক্ষাব্যবস্থার উন্নতি কীভাবে করা যায়, সেটা সবার সঙ্গে আলোচনা করে কাজ করার চেষ্টা করতে পারত। কিন্তু আমাদের ভলান্টিয়র যখন স্কুলগুলোতে অডিট করতে গেল, তার বাবাই খুন হয়ে গেল।”
এই নিয়ে বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, “যদি এরকম কোনও কিছু হয়ে থাকে, তাহলে মালিক যাতে অবিলম্বে আইনের পথে হাঁটেন। কে কাকে হুমকি দিচ্ছেন, জানি না। তবে কোনওরকমের নৈরাজ্যকে আর বাঙালিরা বরদাস্ত করতে রাজি নন। আইন মেনে প্রশাসনের কাছ থেকে অনুমতি নিয়ে যে কেউ সভা করতে পারেন। “
