Zero FIR: বরদাস্ত করা হবে না ঢিলেমি, জিরো FIR নিয়ে বড় নির্দেশ কলকাতার পুলিশ কমিশনারের
Kolkata Police Zero FIR Guidelines: ধরা যাক, কোনও অপরাধ হেয়ার স্ট্রিট থানায় এলাকায় হয়েছে। তবে অভিযোগকারী কিংবা অভিযোগকারিণী বিষয়টি তাঁর বাড়ি যে থানা এলাকায় সেখানে অভিযোগ জানাতে গেলেন। সেই থানা কোনওভাবেই তাঁকে ফেরাতে পারবে না। অভিযোগ জমা নিতে হবে। এটাই জিরো এফআইআর।

সুপ্রিয় গুহ ও সুজয় পাল
কলকাতা: কর্তব্য পালনে পুলিশের কোনও শিথিলতা বরদাস্ত করা হবে না। স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই আবহে জিরো এফআইআর (Zero FIR) নিয়ে থানাগুলিকে কড়া বার্তা দিলেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ। জিরো এফআইআর নিয়ে বারবার সতর্ক করার পরও কলকাতা পুলিশ এলাকার কিছু থানা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (SOP) মানছে না বলে অভিযোগ। জিরো এফআইআর-এ কী কী করণীয়, তা স্মরণ করিয়ে এবার নির্দেশিকা জারি করলেন কলকাতার পুলিশ কমিশনার। নির্দেশিকায় পুলিশ কমিশনার জানিয়েছেন, জিরো এফআইআর-র পর মূল এফআইআর করতে দেরি হচ্ছে কলকাতার বিভিন্ন থানায়। যার জেরে বিচার প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে।
জিরো FIR কী?
ধরা যাক, কোনও অপরাধ হেয়ার স্ট্রিট থানায় এলাকায় হয়েছে। তবে অভিযোগকারী কিংবা অভিযোগকারিণী বিষয়টি তাঁর বাড়ি যে থানা এলাকায় সেখানে অভিযোগ জানাতে গেলেন। সেই থানা কোনওভাবেই তাঁকে ফেরাতে পারবে না। অভিযোগ জমা নিতে হবে। এটাই জিরো এফআইআর। জিরো এফআইআর নেওয়ার পর সেই অভিযোগপত্র পাঠিয়ে দিতে হবে যে এলাকায় অপরাধ ঘটেছে সেই এলাকার থানায়। তারাই তদন্ত করবে।
কী নির্দেশ দিলেন কলকাতার পুলিশ কমিশনার?
- নির্দেশিকায় পুলিশ কমিশনার জানিয়েছেন, থানায় জিরো এফআইআর নথিভুক্ত হওয়ার পর, সেই থানার ওসি সেই কপি পাঠিয়ে দেবেন মূল অপরাধ যেখানে ঘটেছে সেই থানায়। এমনকী সেই থানার ওসির সঙ্গে কথা বলে সবটা জানাতে হবে।
- যে থানায় জিরো এফআইআর কপি পাঠানো হবে, সেখানকার ওসিকে অভিযোগকারী সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে হবে।
- অভিযোগের তদন্তের অগ্রগতি জানাতে হবে অভিযোগকারীকে।
- যে থানায় পৌঁছবে Zero FIR, সেই থানার ওসির নম্বর দিতে হবে অভিযোগকারীকে।
- নারী নিগ্রহের ঘটনা হলে দ্রুত জানাতে হবে ডিভিশনাল ডিসিকে।
জিরো এফআইআর নিয়ে কোনও ঢিলেমি যে বরদাস্ত করা হবে না, তা স্পষ্ট করে দিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার। জিরো এফআইআর গ্রহণে দেরি হলে চাওয়া হবে জবাবদিহি। কলকাতার নগরপালের এই নির্দেশিকার পর জিরো এফআইআর নিয়ে থানাগুলি কতটা তৎপর হয়, সেটাই এখন দেখার।
