Basirhat Panchayat Samiti: ২৪ ঘণ্টা আগেই তৃণমূল ছেড়ে NCPI-এ যোগ, এবার পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচনে বিজেপিকে সমর্থন
NCPI political shift: মোট ২৭ আসনের বসিরহাট ২ নম্বর পঞ্চায়েত সমিতি। এর মধ্যে গতকাল পঞ্চায়েত সমিতির ১৪ জন সদস্য তৃণমূল ছেড়ে NCPI যোগদান করেন। এদিন নতুন সভাপতি নির্বাচনের পর বিজেপি কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

বসিরহাট: ২৪ ঘণ্টা আগেই পঞ্চায়েত সমিতির তৃণমূলের ১৪ জন সদস্য NCPI-এ যোগ দেন। জল্পনা শুরু হয়, এবার কি তাহলে পঞ্চায়েত সমিতির সভাপতি হবেন এনসিপিআইয়ে যোগ দেওয়া কেউ? সেই জল্পনার ২৪ ঘণ্টার মধ্যেই ঘটনায় নতুন মোড়। এনসিপিআইয়ের ১৪ সদস্য ও কয়েকজন তৃণমূল সদস্যের সমর্থনে পঞ্চায়েত সমিতির সভাপতি হলেন বিজেপির একমাত্র সদস্য। শুক্রবার এই দৃশ্য দেখা গেল উত্তর ২৪ পরগনার বসিরহাট ২ নম্বর পঞ্চায়েত সমিতিতে।
এদিন পঞ্চায়েত সমিতির নতুন বোর্ড গঠন হয়। NCPI-এর ১৪ জন এবং তৃণমূলের ৩ জনের সমর্থনে বসিরহাট ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নিযুক্ত হলেন বিজেপির তাপস কুমার ঘোষ। ২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচনে তিনি তৃণমূলের প্রতীকে ভোটে জেতেন। তারপর বিধানসভা নির্বাচনের ৪ মাস আগে তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। আর এদিন বসিরহাট ২ নম্বর পঞ্চায়েত সমিতির একমাত্র BJP সদস্য তাপস ঘোষ সভাপতি হলেন।
মোট ২৭ আসনের বসিরহাট ২ নম্বর পঞ্চায়েত সমিতি। এর মধ্যে গতকাল পঞ্চায়েত সমিতির ১৪ জন সদস্য তৃণমূল ছেড়ে NCPI যোগদান করেন। এদিন নতুন সভাপতি নির্বাচনের পর বিজেপি কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
বসিরহাট ২ নম্বর পঞ্চায়েত সমিতির নবনির্বাচিত সভাপতি তাপস কুমার ঘোষ বলেন, “আমি NDA-র তরফে সভাপতি হয়েছি। যেহেতু এনডিএ-র জোটসঙ্গী হল NCPI, সেই কারণে এনসিপিআই আমাকে সমর্থন করেছে। তৃণমূলের একাংশও আমাকে সমর্থন করেছে।” তৃণমূল সদস্যদের সমর্থন নিয়ে তাঁর যুক্তি, “আমি তৃণমূলের সমর্থন নিইনি। তারা সমর্থন করেছে। কেউ সমর্থন করলে সেই সমর্থন নেওয়া যাবে না, এমন কি কোথাও লেখা রয়েছে? ২৭ জনের মধ্যে ৩-৪ জন ছাড়া সবাই আমাদের সঙ্গে রয়েছে।”
সভাপতি হয়েই নিজের লক্ষ্যের কথাও জানিয়ে দিলেন তাপস ঘোষ। বললেন, “আমাদের লক্ষ্য হচ্ছে, মোদীজির উন্নয়ন ঘরে ঘরে পৌঁছে দেওয়া। রাজ্য সরকারের সঙ্গে কথা বলব। গত ১৩ বছরে প্রচুর দুর্নীতি হয়েছে এখানে। তার তদন্ত হবে। কাউকে ছাড়া হবে না। রাজ্য সরকারের কাছে তদন্তের দাবি জানাব।”
