Strand Road-র নাম হতে পারে বাংলার রাজার নামে, বাদ পড়বে লেনিন, হো চি মিনের নামও?
Kolkata Street Name Change: রাস্তার নাম নিয়ে বিতর্ক প্রসঙ্গে তথাগত রায় বলেন, "বিতর্ক তো প্রত্যেকটাতেই হতে পারে! নতুন নামেও বিতর্ক হতে পারে। পুরনো নামে তো হতেই পারে। বিশ্ব বাংলা সরণি। লেনিন সরণি। সত্যজিৎ রায় ধরণী। এই ধরণী তা সরণী হয়ে যাবে ধরে নিতে পারেন। কেন ধরণী হয়েছিল, আপনারা জানেন।"

কলকাতা: বদলের বাংলায় এবার চেনা রাস্তার নাম বদলে যাবে? কলকাতা পুরসভায় আজ, শুক্রবার প্রথমবার বৈঠকে বসল মুখ্যমন্ত্রীর গঠিত রাস্তা নামকরণ কমিটি। শহরের একাধিক রাস্তার নাম বদল নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সম্ভাবনা।
আজ প্রথম বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির চেয়ারম্যান স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ ওরফে কার্তিক মহারাজ। ছিলেন তথাগত রায়। এছাড়াও হাজির ছিলেন মুখ্যমন্ত্রীর বিশেষ পরামর্শদাতা সুব্রত গুপ্ত, স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের সচিব সংঘমিত্রা ঘোষ, তথ্য ও সংস্কৃতি দফতরের প্রধান সচিব সৌমিত্র মোহন এবং কলকাতা পৌরসভার প্রশাসক স্মিতা পান্ডে।
তথাগত রায় বলেন, “কলকাতা পুর এলাকা ও সংলগ্ন এলাকার নাম নিয়ে বসেছিলাম। কলকাতা পুরসভা, বিধাননগর পৌরসভা এবং উত্তর ২৪ পরগনার বিভিন্ন পৌরসভার নাম নিয়ে বসেছিলাম। প্রাথমিক আলোচনা হয়েছে, তবে আবেদনও অনেক এসেছে। নাম বদলানোর প্রস্তাব এসেছে, নতুন নামের প্রস্তাব এসেছে। তবে এগুলো নিয়ে একটু ইতিহাস চর্চার প্রয়োজন আছে, গবেষণার প্রয়োজন আছে। তাই পুরসভাকে দায়িত্ব দেওয়া হয়েছে এই গবেষণার। ৯ ডিসেম্বর আবার পরবর্তী বৈঠকে বসবো।”
রাস্তার নাম নিয়ে বিতর্ক প্রসঙ্গে তিনি বলেন, “বিতর্ক তো প্রত্যেকটাতেই হতে পারে! নতুন নামেও বিতর্ক হতে পারে। পুরনো নামে তো হতেই পারে। বিশ্ব বাংলা সরণি। লেনিন সরণি। সত্যজিৎ রায় ধরণী। এই ধরণী তা সরণী হয়ে যাবে ধরে নিতে পারেন। কেন ধরণী হয়েছিল, আপনারা জানেন।”
তিনি আরও বলেন, “স্ট্র্যান্ডরোড-এই রাস্তার নামকরণ নিয়ে অনেক দূর আলোচনা এগিয়েছে। স্বদেশী এবং বিদেশি দুই ধরনের নাম নিয়েই আলোচনা হয়েছে। রাস্তা এবং পার্কের নাম নিয়ে আলোচনা হয়েছে। শুধু রাস্তা ও পার্ক নয়, মেট্রোরেলের স্টেশনগুলোর যে নাম দেওয়া আছে, সেটা নিয়েও অনেক বিভ্রান্তি তৈরি হয়। লোকেরা বুঝতে পারছে না কে ক্ষুদিরাম, কে উত্তম কুমার! আমরা সিদ্ধান্ত নিয়েছি যে মেট্রো স্টেশন গুলোর নাম আমরা সুপারিশ করব জায়গার নামে হোক। আমরা পাকাপাকি সিদ্ধান্ত নিয়ে মেট্রো রেল কর্তৃপক্ষকে নামগুলো জানিয়ে দেব। মেট্রো রেলের জেনারেল ম্যানেজারের সঙ্গে আমি কথা বলেছি।”
কোন কোন রাস্তার নাম বদলাবে?
তথাগত রায় বলেন, “হো চি মিন সরণীর নাম থাকতে পারে। তবে লেনিন নাম বদল হতে পারে। যার নিজের দেশটাই অক্ষুণ্ণ নেই, তাঁর নামে রাস্তা নিয়ে প্রশ্ন উঠেছে। সম্রাট শশাঙ্ক (বাংলার রাজা ছিলেন) সরণী হতে পারে স্ট্যান্ড রোডের নাম।”
বামেদের নামকরণ নিয়ে প্রতিবাদের কটাক্ষ করেন তথাগত রায়। তিনি জানান, কমিটির সদস্য, ব্যক্তিগতভাবে এবং সংস্থার পক্ষ থেকে আবেদন এসেছে। আজ ১৬টি রাস্তা নিয়ে আলোচনা হয়েছে। হাজরা রোড, হাজরা লেন- এই নামগুলো কোন হাজরার নামে হয়েছে, সেটা জানা যায়নি। সেই তথ্যই পৌরসভার কাছে চাওয়া হয়েছে।”
প্রদীপ্ত মহারাজও বলেন, “১৬ টি রাস্তার নাম নিয়ে আজ আলোচনা হয়েছে। এই নামগুলো আমরা প্রস্তাব করে রাজ্য বিধানসভায় পাঠাবো; সেখানেই সিদ্ধান্ত হবে।”
