Kolkata Police: যেমন কথা তেমন কাজ! হেলমেট না পরায় ২ হাজারের বেশি মামলা পুলিশের
Kolkata: ক্ষমতায় আসার পরই ট্রাফিক নিয়ন্ত্রণে বিশেষ জোর দেয় বিজেপি সরকার। সংশ্লিষ্ট নির্দেশিকায় স্পষ্ট দেখা যাচ্ছে, বাইক চালানোর সময় হেলমেট পরা বাধ্যমূলক করতে বিশেষ অভিযান চালাতে হবে। ট্র্যাফিক বিভাগ ও থানাগুলিকে যৌথভাবে অভিযান চালাতে বলা হয়েছে।

কলকাতা: নিয়মের বাইরে যে কাজ হবে, তার বিরুদ্ধে জিরো টলারেন্স। মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পর থেকে একের পর এক সিদ্ধান্তে সেটা পরিষ্কার করে দিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কখনও হেলমেট পরা নিয়ে কড়া বার্তা, কখনও তোলাবাজি দমন শক্ত হাতে, বেআইনি যে কোনও কাজ তা সে নির্মাণ হোক কিংবা অন্য কিছু, সব ভেঙে গুঁড়িয়ে দিচ্ছেন তিনি।
হেলমেট পরা নিয়ে আগে থেকেই কড়া বার্তা দেওয়া হয়েছিল কলকাতা পুলিশের তরফে। কিন্তু তারপরও দেখা যায় বাইক চালকদের বেশিরভাগ হেলমেট ব্যবহার করেন না। বিশেষ করে রাতে বিভিন্ন জায়গায় বাইক চালকদের দাপট দেখা যায়। হেলমেট ছাড়াই দ্রুত গতিতে বাইক চালান। ওইসব বাইক চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না বলেও অভিযোগ ওঠে। কিন্তু এবার থেকে সেই সব ‘সুখের দিন’ যে শেষ তা আগেই বলে দিয়েছেন মুখ্যমন্ত্রী।
ক্ষমতায় আসার পরই ট্রাফিক নিয়ন্ত্রণে বিশেষ জোর দেয় বিজেপি সরকার। সংশ্লিষ্ট নির্দেশিকায় স্পষ্ট দেখা যাচ্ছে, বাইক চালানোর সময় হেলমেট পরা বাধ্যমূলক করতে বিশেষ অভিযান চালাতে হবে। ট্র্যাফিক বিভাগ ও থানাগুলিকে যৌথভাবে অভিযান চালাতে বলা হয়েছে। এডিজি ট্র্যাফিক নিয়মিত রিপোর্ট সংগ্রহ করবেন। নির্দেশিকায় স্পষ্ট করে দেওয়া হয়েছে, হেলমেট ছাড়া কেউ যাতে বাইক না চালান, তা নিশ্চিত করতে হবে।
আর সেই মতোই দিনভর চলল অভিযান। হেলমেট না পরার অভিযোগে সোম ও মঙ্গল মিলিয়ে ২ হাজার ৬৬১ টি মামলা দায়ের করেছে কলকাতা পুলিশ। নতুন সরকারের সোজা কথা, আইন মানো সুখে থাকো।
