
কলকাতা: সামনে নির্বাচন। বিরোধী দলগুলি সরকারকে আক্রমণ করার জন্য যে যে ইস্যুগুলো খাড়া করে তার মধ্যে অন্যতম হল নারী সুরক্ষা। এবার আর কোনও ফাঁকতাল রাখতে চাইছে না কলকাতা পুলিশ। নারী-সুরক্ষায় এবার বিশেষ ব্যবস্থা নিচ্ছে তারা। এবার শহরের পাঁচ জায়গায় চালু হচ্ছে পিঙ্ক বুথ। এখানে উল্লেখ্য, মহিলাদের জন্য এর আগে একাধিক জনমুখী প্রকল্প নিয়ে এসেছে মমতার সরকার। এবার তাঁদের নিরাপত্তা আরও সুনিশ্চিত করতে বড় উদ্যোগ পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
কী এই পিঙ্ক বুথ?
কলকাতা পুলিশ সূত্রে খবর, এই বুথগুলি সম্পূর্ণ মহিলা পরিচালিত। সংশ্লিষ্ট বুথগুলিতে থাকছে অত্যাধুনিক সুবিধে। এছাড়াও শাইনিং পেট্রলিং গাড়ি ঘুরবে রাতের কলকাতায়। সেই গাড়িতেও থাকবেন মহিলা উর্দিধারীরা। শাইনিং পেট্রলিং গাড়ির নাম দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে, বিকেল পাঁচটা থেকে রাত এগারোটা পর্যন্ত পিঙ্ক বুথগুলি খোলা থাকবে। আর রাত ২টো পর্যন্ত শাইনিং পেট্রলিং গাড়ি ঘুরবে।
Happy to share a few photographs of the new Pink Booths and the all-women SHINING mobiles that have been commissioned by Kolkata Police today to bolster the safety and security of my sisters in the city during evening and night hours. pic.twitter.com/2noDtW60an
— Mamata Banerjee (@MamataOfficial) February 28, 2026
কোথায়-কোথায় এই পিঙ্ক বুথগুলি তৈরি হয়েছে?
কলকাতা পুলিশ সূত্রে খবর, গড়িয়াহাট, শ্যামবাজার, বেহালা, কাঁকুড়গাছি, হিডকো মোড়ে এই বুথগুলি খোলা হচ্ছে। সিপি সুপ্রতীম সরকার বলেন, “নারী সুরক্ষা কলকাতা পুলিশের সর্বোচ্চ অগ্রাধিকারের মধ্যে পড়ে। সেই বিষয় মাথায় রেখে দুটি বিশেষ উদ্যোগ নেওয়া হল। যে সকল কর্মরতা মহিলা সন্ধে থেকে একটু বেশি রাতে বাড়ি ফেরেন তাঁদের নিরাপত্তা আরও সুনিশ্চিত করা যায়, আরও সুদৃঢ় করা যায়, সেই বিষয়টি মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হল। একটি হল-পিঙ্ক বুথ। কলকাতা শহরের পাঁচটি গুরুত্বপূর্ণ সংযোগস্থলে পরে আরও বাড়ানো হবে সংখ্যাটা। কোনও অসুবিধায় পড়লেই এই পিঙ্ক বুথে মহিলারা যোগাযোগ করতে পারবেন।”