Sukanta Majumdar: ‘যুদ্ধে ময়দান ছেড়ে পালানো মানে…’, গণনার আগের রাতে পেপটক সুকান্তর

Sukanta Majumdar: এক ভিডিয়ো বার্তায় সুকান্ত দলের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, "শেষ পর্যন্ত গণনায় থাকবেন। প্রার্থীকে জিতিয়ে, হাতে সার্টিফিকেট নিয়ে, তারপর গণনাকেন্দ্র ছাড়বেন। বাইরের সুরক্ষা নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না।"

Sukanta Majumdar: যুদ্ধে ময়দান ছেড়ে পালানো মানে..., গণনার আগের রাতে পেপটক সুকান্তর
সুকান্ত মজুমদারImage Credit source: Facebook

| Edited By: Soumya Saha

Jun 03, 2024 | 8:36 PM

কলকাতা: রাত পোহালেই লোকসভা নির্বাচনের গণনা। তার আগে বঙ্গ বিজেপির নেতা-কর্মী ও কাউন্টিং এজেন্টদের উদ্দেশে বার্তা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। প্রত্যেক কাউন্টিং এজেন্ট যাতে শেষ পর্যন্ত গণনাকেন্দ্রে থাকেন, সেই নিয়ে ভোকাল টনিক দিলেন সুকান্ত। এক ভিডিয়ো বার্তায় সুকান্ত দলের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, “শেষ পর্যন্ত গণনায় থাকবেন। প্রার্থীকে জিতিয়ে, হাতে সার্টিফিকেট নিয়ে, তারপর গণনাকেন্দ্র ছাড়বেন। বাইরের সুরক্ষা নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না।”

পাশাপাশি গণনাকেন্দ্রের বাইরের সুরক্ষার ব্যবস্থা নিয়ে যাতে কেউ উদ্বিগ্ন না হন, সেই বার্তাও দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। সুকান্ত বলেন, “গণনাকেন্দ্রের বাইরের সুরক্ষা রাজ্য নেতৃত্ব ও কেন্দ্রীয় নেতৃত্ব দেখবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে কেন্দ্রের প্রত্যেক নেতা বাংলার প্রতি নজর রাখছেন। নিশ্চিন্তে লড়াই করুন। তৃণমূলকে হারিয়ে তারপর গণনাকেন্দ্র ছাড়ুন।”

যাঁরা গণনাকেন্দ্রের বাইরে থাকবেন, তাঁরাও যাতে হাতে সার্টিফিকেট না আসা পর্যন্ত ময়দান না ছাড়েন, সেই বার্তাও দিলেন বঙ্গ বিজেপির সভাপতি। তাঁর কথায়, “মনে রাখবেন ভোট মানে যুদ্ধ। যুদ্ধে ময়দান ছেড়ে পালিয়ে যাওয়া কাপুরুষদের ধর্ম। কাপুরুষতা যেন আপনাদের মধ্যে দেখা না যায়। শেষ পর্যন্ত লড়াই করবেন। আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। বিজেপি এবার ঐতিহাসিক ফলাফল করতে চলেছে পশ্চিমবঙ্গে। তারপর এ রাজ্যে বিজেপি সরকার শুধু সময়ের অপেক্ষা।”

Follow Us