Madhyamik Exam: এবার মাধ্যমিকে কতজনের পরীক্ষা বাতিল হল, কবে বেরবে রেজাল্ট, সব জানাল পর্ষদ

এবার মোবাইলে এআই টুল ব্যবহার করে পরীক্ষা দেওয়ার অভিযোগ উঠেছে একাধিক জায়গায়। সারা রাজ্যে এমন ঘটনায় একাধিক পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল হয়েছে। অন্যদিকে, মাধ্যমিকে অঙ্কের প্রশ্নপত্রে ভুল আছে বলে পরীক্ষার্থীদের একাংশ যে অভিযোগ তুলেছিল, তা আগেই কার্যত উড়িয়ে দিয়েছেন পর্ষদ সভাপতি।

Madhyamik Exam: এবার মাধ্যমিকে কতজনের পরীক্ষা বাতিল হল, কবে বেরবে রেজাল্ট, সব জানাল পর্ষদ
Image Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Feb 12, 2026 | 8:22 PM

কলকাতা: এই বছরের মাধ্যমিক পরীক্ষা শেষ হল আজ বৃহস্পতিবার। গত ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল পরীক্ষা। ১২ তারিখ পরীক্ষা শেষ হওয়ার পর সার্বিক তথ্য পেশ করল মধ্যশিক্ষা পর্ষদ।

এবারের মাধ্যমিকে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য:

পূর্ব বর্ধমানের আজহাপুর ও মথুরাপুর বিএসএস স্কুলে সমস্যা হয়েছিল। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। দু’জন শিক্ষককে সাসপেন্ড করা হয়েছে। অ্যাডিশনাল ভেন্যু সুপারভাইজার বিষয়টা ধরে ফেলেছেন।

জীবন বিজ্ঞান পরীক্ষা চলাকালীন শিক্ষক নিজেই শৌচালয়ে প্রশ্নপত্রের ছবি তুলছিলেন। পরীক্ষা চলাকালীন কোনও স্কুলে শিক্ষকদের হাতে ফোন ছিল কি না, সেটা খতিয়ে দেখা হবে। স্কুলগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রিপোর্ট চাওয়া হয়েছে পর্ষদের তরফে।

পরীক্ষার রেজাল্টের জন্য ১৩৭৬ জন হেড এক্সামিনার কাজ করবেন। ৫২০০০ জন এক্সামিনার কাজ করবেন।

মোট ১৪৮৬টি ভেন্যুতে পরীক্ষা নেওয়া হয়েছে, ইনভিজিলেটরের সংখ্যা ১ লক্ষের বেশি।

মোবাইল পাওয়া গিয়েছে বলে ৪৫ জনের পরীক্ষা বাতিল করা হয়েছে এবার মাধ্যমিকে।

১৭৬ জন পরীক্ষা দিয়েছে হাসপাতাল থেকে।

এসআইআর আবহে পরীক্ষা নিয়ে সমস্যা হয়নি। ৯০ দিনের মধ্যে রেজাল্ট বেরোবে বলে পর্ষদের তরফে জানানো হয়েছে।

এবার মোবাইলে এআই টুল ব্যবহার করে পরীক্ষা দেওয়ার অভিযোগ উঠেছে একাধিক জায়গায়। সারা রাজ্যে এমন ঘটনায় একাধিক পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল হয়েছে। মাধ্যমিকে অঙ্কের প্রশ্নপত্রে ভুল আছে বলে পরীক্ষার্থীদের একাংশ যে অভিযোগ তুলেছিল, তা আগেই কার্যত উড়িয়ে দিয়েছেন পর্ষদ সভাপতি।