AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamata Banerjee Kali Puja: মমতার বাড়ির কালীপুজোয় এবার এলেন ক’জন? এলেন না কারা?

Tollywood Stars Trinamool Congress: মমতার বাড়ির কালীপুজোয় সেই জাঁকজমক যেন অনেকটাই কম। নামী-দামি লোকের সমাগমও অন্যবারের তুলনায় অনেকটাই কম। আগে যেখানে মন্ত্রী, সাংসদ, বিধায়ক থেকে শুরু করে টলিউডের প্রথম সারির তারকাদের উপচে পড়া ভিড় লেগে থাকত, এ বছর সেই মেগা জমায়েতের ছিটেফোঁটাও দেখা গেল না।

Mamata Banerjee Kali Puja: মমতার বাড়ির কালীপুজোয় এবার এলেন ক'জন? এলেন না কারা?
| Updated on: Nov 09, 2026 | 2:09 PM
Share

প্রতি বছরই কালীপুজো মানেই নজর থাকত কলকাতার হরিশ চ্যাটার্জি স্ট্রিটে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীপুজোয় রাজ্যের ক্ষমতা ও গ্ল্যামারের যে আবহ তৈরি হত, তা ছিল এককথায় দেখার মতো। কিন্তু ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পালাবদলের পর রাজ্যের রাজনৈতিক মানচিত্র যেমন বদলে গিয়েছে, তেমনই পাল্টে গিয়েছে মমতার বাড়ির পুজোর চেনা ছবিও। মমতার বাড়ির কালীপুজোয় সেই জাঁকজমক যেন অনেকটাই কম। নামী-দামি লোকের সমাগমও অন্যবারের তুলনায় অনেকটাই কম। আগে যেখানে মন্ত্রী, সাংসদ, বিধায়ক থেকে শুরু করে টলিউডের প্রথম সারির তারকাদের উপচে পড়া ভিড় লেগে থাকত, এ বছর সেই মেগা জমায়েতের ছিটেফোঁটাও দেখা গেল না। চিরাচরিত আটপৌরে সুতির শাড়িতে নিজে দাঁড়িয়ে থেকে পুজোর সমস্ত তদারকি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ক্ষমতার পালাবদলের পর এ দিন হরিশ চ্যাটার্জি স্ট্রিটের অন্দরমহল ছিল বেশ ফাঁকা। হাতে গোনা কয়েকজন চেনা মুখকেই এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রীর কালীপুজোয় অংশ নিতে দেখা যায়।

এবারের পুজোয় টলিউড থেকে খুব বেশি তারকার দেখা মেলেনি। হাতে গোনা যে কজন শিল্পী উপস্থিত ছিলেন, তাঁদের মধ্যে ছিলেন অভিনেত্রী নয়না বন্দ্যোপাধ্যায়, সুদীপা ও তাঁর স্বামী সৌম্য বক্সী, অভিনেত্রী শুভদ্রা বন্দ্যোপাধ্যায় এবং শ্রেয়া পাণ্ডে।

অন্যদিকে, রাজনৈতিক মহলের ছবিতেও এসেছে বড় বদল। অতীতে মমতার বাড়ির পুজোয় যাঁদের ছাড়া এক মুহূর্তের জন্যও কল্পনা করা যেত না— সেই ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসদের মতো হেভিওয়েট নেতাদের এ বছর আর দেখা যায়নি। তবে এই শূন্যতার মাঝেও পুরনো দিনের সহযোদ্ধাদের মধ্যে উপস্থিত ছিলেন সৌগত রায়, বিমান বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ এবং দোলা সেনরা। এছাড়া এসেছিলেন সাধারণ তৃণমূল কর্মী ও সমর্থকরা।

একসময়ে যে পুজোর মঞ্চে ইমন চক্রবর্তী, রচনা বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়, সোহম চক্রবর্তী বা দেবের মতো গায়ক-তারকা ও সাংসদ-বিধায়কদের উপস্থিতি নিয়ে চর্চা চলত, এ বছর সেই গ্ল্যামারের আলো অনেকটাই ম্লান। ক্ষমতার চাকা ঘুরতেই বদলে গিয়েছে সম্পর্কের সমীকরণ। সমস্ত আলো ও কোলাহল থেকে দূরে, অত্যন্ত সাদামাঠা ও পারিবারিক আবহেই এ বছর উদযাপিত হল মমতার কালীপুজো।

Follow Us