
কলকাতা: এসআইআর নিয়ে শুরু থেকেই সরব তৃণমূল সুপ্রিমো। পুরো প্রক্রিয়ায় আপত্তি জানিয়ে সওয়াল করতে সুপ্রিম কোর্ট পর্যন্ত ছুটেছিলেন তিনি। পশ্চিমবঙ্গের সেই এসআইআরে ইতিমধ্যেই প্রায় ৭৬ লক্ষ নাম বাদ পড়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। এবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশের আগে ফের গর্জে উঠলেন মমতা। বললেন, ‘বেছে বেছে, দেখে দেখে নাম বাদ দেওয়া হচ্ছে।’
শুক্রবার কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে এদিন মমতা বলেন, “যা চলছে, তা সুপার হিটলারকেও ছাপিয়ে গিয়েছে। হিটলার টিটলার ভুলে যান। পুরোটাই বিজেপির ভ্যানিশিং ওয়াশি মেশিন। মানুষের অধিকার ভ্যানিশ করে দিচ্ছে।” তাঁর দাবি, এসআইআরের পর দেখা যাচ্ছে, পরিবারের একজনের নাম আছে, তো চারজনের নেই। বিশেষ সম্প্রদায়ের লক্ষ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
প্রথম থেকেই কমিশন ও বিজেপিকে একযোগে আক্রমণ করে এসেছেন মমতা। এদিনও সেই সুরে মুখ্যমন্ত্রী বলেন, “ভোটাধিকার কেড়ে নিয়ে ভোট করবে? ধর্মের কল বাতাসে নড়ে।” সাপ্লিমেন্টারি লিস্ট নিয়েও এদিন ক্ষোভ প্রকাশ করেন মমতা। বলেন, “সব বাদ দিয়েছে। এখনও লিস্ট বের করেনি। সাপ্লিমেন্টারি লিস্ট পাবলিক ডোমেনে আসেনি। আমরা কেউ হাতে পাইনি। এর থেকে বেশি গণতন্ত্রের হত্যা আর হয়না। দেখে দেখে নাম বাদ দেওয়া হয়েছে। কোনও বুথে ৬০০ ভোটার আছে, ৪০০ বাদ। কে করেছে এসব?”
কমিশনকে চ্যালেঞ্জ করে মমতা বলেন, “বুকের পাটা থাকলে লিস্ট বের করুন। যাদের নাম নেই, নাম তোলার ব্যবস্থা করুন, আমরা বিনা পয়সার ল ইয়ার দিয়ে সাহায্য করব।”
এদিকে, বিজেপিও কটাক্ষ করতে ছাড়েনি। বিজেপির অন্যতম মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, “ওয়াশিং মেশিন নয়, কার্পেট ধোলাইয়ের মতো করে পরিষ্কার করতে হচ্ছে। পশ্চিমবঙ্গের বাঙালি দেশান্তরী হয়ে গিয়েছে। সর্বত্রই বাঙালি পিছিয়ে পড়েছে। এখন শুধু সরকার বদলের অপেক্ষা করছে সবাই।”
উল্লেখ্য, গত সোমবার মধ্যরাতে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করে কমিশন। পরে কমিশন সূত্রে জানা যায়, ওই মোট ৩২ লক্ষ নামের নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ অর্থাৎ ১৩ লক্ষ নাম বাদ পড়েছে। অর্থাৎ খসড়া তালিকা সহ সব মিলিয়ে প্রায় ৭৬ লক্ষ নাম বাদ পড়েছে বলে জানা যাচ্ছে। শুক্রবার রাতে আরও একটি তালিকা প্রকাশ হবে।