Trinamool Congress: উত্তরে মমতা, দক্ষিণে অভিষেক! কোথায় কোথায় প্রচারে ঝড় তুলছে তৃণমূল?
Mamata-Abhishek: রাত পোহালেই আবার উত্তরে বিজেপির জেতা তিন আসনে প্রচার সভা আছে মমতার। ময়নাগুড়ি ছাড়াও ডাবগ্রাম-ফুলিবাড়ি, মাটিগাড়া-মাটিগাড়া-নকশালবাড়িতে জনসভা করবেন মমতা। এই তিনটি আসনই বিজেপির দখলে। যদিও এবার জয়ের বিষয়ে রীতিমতো আত্মবিশ্বাসী তৃণমূল। এদিনই আবার পাথরপ্রতিমা থেকে প্রচার অভিযান শুরু করছেন অভিষেক।

প্রসেনজিৎ চৌধুরী ও শুভেন্দু হালদারের রিপোর্ট
কলকাতা ও শিলিগুড়ি: দুয়ারে বঙ্গ যুদ্ধ, প্রস্তুত সবপক্ষ। জোরকদমে প্রচার শুরু করে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মাঠে দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্য়োপাধ্যায়ও। উত্তরে চড়ছে রাজনীতির পারদ। খারাপ আবহাওয়ার মাঝেই বেলা গড়ালে চালসায় এসে পৌঁছাবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়। বাতাবাড়িতে সেন্ট লুসি চার্চে সর্ব ধর্ম সমন্বয়ে বার্তা দেবেন তিনি। শেষবেলায় জোরকদমে চলছে প্রস্তুতি।
অন্যদিকে বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এদিনই আবার দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা থেকে প্রচার অভিযান শুরু করতে চলেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ ২৪ পরগনার এই সুন্দরবন এলাকা বরাবরই শাসক শিবিরের দুর্ভেদ্য দুর্গ হিসেবে পরিচিত। সেখানেই পাথরপ্রতিমা বিধানসভার তিনবারের জয়ী বিধায়ক তৃণমূল প্রার্থী সমীর জানার সমর্থনে পাথর প্রতিমার কলেজ মাঠে হচ্ছে বিশাল সভা। দুপুর দুটো নাগাদ হেলিকপ্টারে সেখানে পৌঁছাবেন অভিষেক। সেখানে কলেজ মাঠে তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ। সভাস্থলের পাশেই অস্থায়ী হেলিপ্যাড।
অন্যদিকে রাত পোহালেই আবার উত্তরে বিজেপির জেতা তিন আসনে প্রচার সভা আছে মমতার। ময়নাগুড়ি ছাড়াও ডাবগ্রাম-ফুলিবাড়ি, মাটিগাড়া-মাটিগাড়া-নকশালবাড়িতে জনসভা করবেন মমতা। এই তিনটি আসনই বিজেপির দখলে। যদিও এবার জয়ের বিষয়ে রীতিমতো আত্মবিশ্বাসী তৃণমূল। এদিনই চালসায় চার্চে আসেন তৃণমূল প্রার্থী সঞ্জয় কুজুর। সেখানেই রীতিমতো আত্মবিশ্বাসের সুরে বলেন, “২০২১ সালে বিজেপি এই আসনটি জিতেছিল। কিন্তু গত লোকসভায় এই বিধানসভায় আমরাই লিড করেছি। তাই এবার আমরা জিততে প্রস্তুত। বিজেপির বিরুদ্ধে আজ প্রচারর শান দেবেন মমতা। আমরা মুখিয়ে আছি।”
