
কলকাতা: তিনি কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার। বর্তমানে ডিরেক্টর অব সিকিউরিটি। সেই আইপিএস মনোজ ভার্মার পুত্র সাইবার প্রতারণার শিকার হয়েছেন। তাঁর অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতারও করা হয়। রাকেশ প্রধান নামে ধৃত সেই ব্যক্তিই সোমবার জামিন পেলেন। ব্যাঙ্কশাল আদালত তাঁর জামিন মঞ্জুর করল।
ওড়িশা থেকে রাকেশ প্রধানকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। এদিন আদালতে তাঁর আইনজীবী শঙ্খজিৎ মিত্র দাবি করেন, তাঁর মক্কেলের কলকাতা কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই। তারপরও কেন গ্রেফতার করা হল, সেই প্রশ্ন তোলেন। একইসঙ্গে নিজের সওয়ালে আইনজীবী শঙ্খজিৎ মিত্র বলেন, এই গ্রেফতারি বেআইনি। সওয়াল শেষে এদিন আদালত রাকেশের জামিন মঞ্জুর করেন।
গত ২ ফেব্রুয়ারি কলকাতা পুলিশের সাইবার সেলে অভিযোগ দায়ের করেছিলেন প্রাক্তন পুলিশ কমিশনার মনোজ ভার্মা ছেলে পীযূষ ভার্মা। অভিযোগপত্রে তিনি জানান, দিল্লিতে ভাড়ায় ফ্ল্যাট খুঁজছিলেন। সেই সময় ইউপিআই আইডি ব্যবহার করে টাকা দেন। পরে দেখেন, তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৩০ হাজার টাকা উধাও! এরপরই তিনি লালবাজার সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগ পেয়ে তদন্তে নামে। প্রযুক্তিগত তথ্য ও ব্যাঙ্ক লেনদেনের সূত্র ধরে ওড়িশা থেকে রাকেশ প্রধানকে গ্রেফতার করে। যদিও রাকেশ প্রধান সেইসময় দাবি করেছিলেন, তাঁর অ্যাকাউন্ট ব্যবহার করেছেন দিল্লির দুই ব্যক্তি। তাঁদের নাম সঞ্জয় এবং অক্ষয়। গ্রেফতারির ৩০ দিন পর ব্যাঙ্কশাল আদালত থেকে জামিন পেলেন রাকেশ।
প্রসঙ্গত, সাইবার ক্রাইম এখন পুলিশের মাথাব্যথার কারণ হয়ে উঠেছে। সাইবার জালিয়াতি সংক্রান্ত অভিযোগ ও প্রশ্নের দ্রুত সমাধানের লক্ষ্যে ২৪ ঘণ্টার সাইবার ক্রাইম হেল্পলাইন চালু করেছে কলকাতা পুলিশ। চালু করা হয়েছে টোল-ফ্রি নম্বরও। নম্বরটি হল ১৮০০-৩৪৫০০৬৬।