
কলকাতা: নবম-দশম এবং একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষার পরে প্রথম দফায় যে মডেল উত্তরপত্র প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি), সেই উত্তরপত্রের বহু উত্তর চ্যালেঞ্জ করেছিলেন পরীক্ষার্থীদের অনেকে। সোমবার কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে সেই মামলার শুনানি ছিল। বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ, এসএসসি এমন কত টাকা তুলেছে, আর ভুল প্রমাণিত হলে, শর্ত অনুযায়ী প্রার্থীদের কত টাকা ফেরত দেওয়া হয়েছে, কত প্রশ্ন শেষ পর্যন্ত ভুল প্রমাণিত হয়েছে, কত গুলো অভিযোগ জমা হয়েছে, তা রিপোর্ট আকারে জমা করতে হবে।
গোটা বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়ে চার সপ্তাহ মধ্যে হাইকোর্টকে রিপোর্ট দিতে হবে। মামলাকারীদের অভিযোগ, এসএসসির আইনে এমন খাতা চ্যালেঞ্জের ক্ষেত্রে টাকা নেওয়ার কোনো বিধান নেই। তাঁদের দাবি ছিল, ওই মডেল উত্তরপত্রে বেশ কিছু প্রশ্নের উত্তর ভুল আছে। গত ৭ সেপ্টেম্বর এসএসসি-র নবম-দশম এবং ১৪ সেপ্টেম্বর একাদশ-দ্বাদশের পরীক্ষা হয়েছিল। এর কিছু দিনের মধ্যে এই চারটি শ্রেণির ক্ষেত্রে প্রথম দফার মডেল উত্তরপত্র প্রকাশ করে কমিশন।
ওই উত্তরপত্র দেখে যদি কোনও পরীক্ষার্থী মনে করেন, কোনও প্রশ্নের উত্তর ভুল আছে, তবে তিনি সেটি চ্যালেঞ্জ করতে পারবেন। প্রশ্ন পিছু ১০০ টাকা দিয়ে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ওই চ্যালেঞ্জ জানানোর সুযোগ ছিল। বাস্তবে দেখা যায়, প্রায় সব বিষয়েরই বেশ কিছু প্রশ্ন চ্যালেঞ্জ করেছেন পরীক্ষার্থীরা।