
কলকাতা: ছাব্বিশের বিধানসভা নির্বাচনের মাত্র দু’দিন আগে নির্বাচন কমিশন নন্দীগ্রাম কেন্দ্রের পুলিশ পর্যবেক্ষক (Police Observer) পরিবর্তন করা হয়েছে। হিতেশ চৌধুরীর পরিবর্তে নতুন পুলিশ পর্যবেক্ষক হিসেবে অখিলেশ সিংকে দায়িত্ব দেওয়া হয়েছে। জানেন এই অখিলেশ আসলে কে?
অখিলেশের পরিচয়
এক সময় এই রাজ্যের ডিআইজি-সিবিআই ছিলেন অখিলেশ কুমার সিং। ২০২১ সালের ১৭ মে নারদাকাণ্ডে চার হেভিয়েট মন্ত্রী ফিরহাদ হাকিম, মদন মিত্র, সুব্রত মুখোপাধ্যায় এবং শোভন চট্টোপাধ্যায় বাড়ি থেকে নিয়ে এসে গ্রেফতার করেছিলেন। এ ছাড়াও কয়লাপাচারকাণ্ড থেকে গরুপাচারের মত গুরুত্বপূর্ণ মামলার তদন্ত করেছেন। এমনকী, রাজ্যে ভোট পরবর্তী হিংসা ঘটনায় কলকাতা হাইকোর্ট হিংসা ও খুনের ঘটনার তদন্তভার দেয় সিবিআইকে। সেখানে তদন্তকারী আধিকারিকদের মধ্যে অন্যতম ছিলেন অখিলেশ সিং। বিকাশ মিশ্র থেকে চার কয়লা মাফিয়ার গ্রেফতার তাঁর হাতেই।
এখানেই শেষ নয়, আরও আছে। অখিলেশ কুমার সিং ২০০৩ এর অসম ক্যাডারের আইপিএস অফিসার। তিনি ২০১৯ সালের মার্চ মাসে সিবিআইতে কলকাতায় ডিআইজি সিবিআই পদে নিযুক্ত হন। আর তারপর থেকেই একের পর এক গুরুত্বপূর্ণ কেসের তদন্ত তিনি করে চলেছেন। তাঁকে ‘পুলিশ মেডেল ফর মেরিটোরিয়াস অ্যাওয়ার্ড’ দেওয়া হয়েছিল। রাজনৈতিক মহলের ধারণা নন্দীগ্রামে কোনও সমস্যা না হয় তাই এই রদবদল।
মূলত, গতবারের মতো এবারও নন্দীগ্রাম হল অন্যতম হটস্পট। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর খাস তালুক। আর তৃণমূল এখান থেকেই দাঁড় করিয়েছে শুভেন্দু ঘনিষ্ঠ পবিত্র কর।