
কলকাতা: ভূপতিনগরে আধিকারিকদের উপর হামলার ঘটনায় এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ এনআইএ। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। দুপুর আড়াইটায় শুনানি। ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের তরফ থেকে নির্বাচন কমিশনের কাছে একটি রিপোর্ট পেশ করা হয়েছে। সেই রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ভূপতিনগরে এনআইএ-এর ওপর হামলা হয়েছে। মহকুমা শাসকের রিপোর্টেও সেই বিষয়টি উল্লেখ করা হয়েছে। এমনকি রিপোর্টেও এও উল্লেখ রয়েছে, পুলিশকে জানিয়েই সেদিন অভিযানে গিয়েছিলেন এনআইএ আধিকারিকরা।
ইতিমধ্যে এনআইএ-এর ওপর হামলার ঘটনার তদন্ত শুরু করেছেন ইন্সপেক্টর পদমর্যাদার শ্যামল চক্রবর্তী। সোমবারই তদন্তভার হাতে নিয়েছেন তিনি। প্রথমে এনআইএ-এর ওপর হামলার ঘটনায় তদন্ত করছিলেন ভূপতিনগর থানার ওসি গোপাল পাঠক। তদন্তকারী অফিসার অভিযোগকারী এনআইএ কর্তা ও আহত এনআইএ আধিকারিককে নোটিস পাঠিয়ে তলব করেছেন। তাঁদের বয়ান রেকর্ড করতে চায় পুলিশ। এক্ষেত্রে আহত এনআইএ আধিকারিকের মেডিক্যাল রিপোর্টও সঙ্গে করে আনার কথা বলা হয়েছে।
এসবের মধ্যেই এনআইএ কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছে। কেন এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকেই গ্রেফতার করা গেল না, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। এই এরসঙ্গে সন্দেশখালিতে ইডি আধিকারিকদের ওপর হামলার বিষয়টিরও মিল রয়েছে বলে বিরোধীরা অভিযোগ তুলছেন।