Municipal Election: ‘NCPI-র সঙ্গে কোনও সম্পর্ক নেই’, পুরভোটে একাই লড়ার ঘোষণা করে দিলেন ঋত শিবিরের নেতা
TMC-NCPI: বিধায়ক অরূপ রায় বলেন, "এনসিপিআই-র সঙ্গে আমাদের কোনও যোগাযোগ নেই। এনসিপিআই আলাদা পার্টি। এনসিপিআই বিজেপির সঙ্গে মার্জ করেছে। আমাদের সঙ্গে কোনও সম্পর্ক নেই। মুখ্যমন্ত্রী তাঁর কথা বলেছেন। তিনি তাঁর নিজের কথা বলেছেন, তিনি যেটা বলেছেন, সেটাই যে সত্যি হবে এমন কোনও মানে নেই।"

কলকাতা: উৎসব শেষ, বাংলায় আবার ভোটের মরশুম। নভেম্বর মাসের শেষেই কলকাতা ও হাওড়ায় পুরভোট। কোন কোন দল লড়বে, কারা প্রার্থী হবে, তা নিয়ে ইতিমধ্যেই জোর জল্পনা। এর মাঝেই বড় ঘোষণা ঋতব্রত-পন্থী তৃণমূলের। কারোর সঙ্গে কোনও জোট নয়, পুরভোটে একাই লড়বে গণতান্ত্রিক তৃণমূল। এ কথা আজ জানিয়ে দিলেন গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অরূপ রায়।
আজ গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের বৈঠক হচ্ছিল বাইপাসের ধারে তৃণমূলের অফিসে। বৈঠকে উপস্থিত ছিলেন অরূপ রায়, মদন মিত্র, ববি হাকিমরা। সূত্রের খবর, পুরভোট নিয়ে আলোচনার জন্যই বৈঠক। তবে প্রতীক নিয়ে কমিশনকে হলফনামা দেওয়ার জন্য বৈঠক বলে জানিয়েছেন অরূপ রায়।
পুরভোটে কারা প্রার্থী হবেন, তা নিয়ে যখন জল্পনা, তখনই কালীঘাট শিবির অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস দাবি করেছে যে এনসিপিআই-র সঙ্গে ঋতব্রতপন্থী তৃণমূলের যোগ রয়েছে। কয়েকজন কাউন্সিলরের নামও সুপারিশ করা হয়েছে। এ দিন এই প্রসঙ্গে ঋত শিবিরের নেতা তথা বিধায়ক অরূপ রায় বলেন, “এনসিপিআই-র সঙ্গে আমাদের কোনও যোগাযোগ নেই। এনসিপিআই আলাদা পার্টি। এনসিপিআই বিজেপির সঙ্গে মার্জ করেছে। আমাদের সঙ্গে কোনও সম্পর্ক নেই। মুখ্যমন্ত্রী তাঁর কথা বলেছেন। তিনি তাঁর নিজের কথা বলেছেন, তিনি যেটা বলেছেন, সেটাই যে সত্যি হবে এমন কোনও মানে নেই।”
দুইদিন আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফ্লোর টেস্টের কথা বলেছিলেন। দাবি করেছিলেন যে এখন আস্থা ভোট হলে ১৭৫ ভোট পাবেন। তাহলে কি বিজেপির সঙ্গে হাত মেলাতে প্রস্তুত গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস? অরূপ রায় এ প্রসঙ্গে বলেন, “ব্যক্তিগতভাবে কার মনের মধ্যে কী রয়েছে জানি না, কিন্তু আমি ব্যক্তিগতভাবে কখনওই না। গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস নির্বাচনের জন্য হয়েছিল। আমরাই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। আমরাই আসল তৃণমূল কংগ্রেস।”
পুরভোটের প্রস্তুতি কতদূর, তা জানতে চাইলে অরূপ রায় বলেন, “আমরা সিম্বলের জন্য অপেক্ষা করছি। ৩০ তারিখ বৈঠক রয়েছে। নোটিফিকেশনটা হোক, তারপরে আমরা কাজ শুরু করব। আমরা একাই লড়ব। কারোর সঙ্গে জোটে লড়ব না। এনসিপিআই-র সঙ্গে কোনও সম্পর্ক নেই। হাওড়া-কলকাতায় সমস্ত আসনে একাই প্রার্থী দেওয়ার চেষ্টা করব। প্রতীকের উপরেও অনেকটা নির্ভর করছে। প্রতীক-নোটিফিকেশন এলে পরের পদক্ষেপ করা হবে।”
