CM Suvendu Adhikari: ‘পুলিশ মার খাচ্ছে, এমন খবর যেন কানে না আসে’, ডায়মন্ড হারবারে পুলিশকে বার্তা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari message to police: ডায়মন্ড হারবারে পুলিশের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, "ক্রাইম এবং ক্রিমিনাল ট্র্যাকিং নেটওয়ার্ক অ্যান্ড সিস্টেম চালু করতে হবে। পুরনো অমীমাংসিত কেস ফের চালু করতে হবে। বিএনএস-র ব্যবহার সঠিক ভাবে করতে হবে।"

ডায়মন্ড হারবার: মুখ্য়মন্ত্রী হিসেবে প্রথম জেলাসফর। আর প্রথম জেলাসফরেই দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে পুলিশকর্তাদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে পালাবদল হয়েছে। নতুন মুখ্যমন্ত্রী পুলিশকে স্পষ্ট বার্তা দিলেন এতদিন যেভাবে কাজ হয়েছে, তা আর হবে না। কেন্দ্রীয় এজেন্সির সঙ্গে পুলিশকে সুসম্পর্ক বজায় রাখতে বললেন। এছাড়াও একগুচ্ছ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।
ডায়মন্ড হারবারে পুলিশের সঙ্গে বৈঠকে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
পূর্বতন সরকারের আমলে পুলিশের রাজনৈতিক নেতাদের কথায় চলতেন বলে বারবার অভিযোগ উঠেছে। তার যে বদল দরকার, পুলিশের সঙ্গে বৈঠকে সেই বার্তা স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী। বৈঠকে যে যে বিষয়ে গুরুত্ব দিলেন তিনি-
১) এতদিন যে ভাবে কাজ হয়েছে সেভাবে আর হবে না। ২) সবকিছু সঠিক পদ্ধতিতে ডিজিটালাইজ করতে হবে। ৩) বিএনএস-র ব্যবহার সঠিক ভাবে করতে হবে। ৪) আপনার/ আপনাদের (পুলিশের গাড়ি ) গাড়ির কাগজপত্র ঠিক আছে কি না যাচাই করে নিন। ৫) সিসিটিভি গুণগত মানের হতে হবে। ৬) কেন্দ্রীয় এজেন্সির সঙ্গে সম্পর্ক ভাল রাখতে হবে। ৭) মন্দির, মসজিদের মাইকের সাউন্ড লেভেল যেন মাত্রায় থাকে। ৮) পুরনো অমীমাংসিত কেস ফের চালু করতে হবে। ৯) (আমার ইচ্ছে ,যদিও ফোর্স হয়ত কম) সব থানায় একটি করে মহিলা হেল্প ডেস্ক চালু করার প্রয়োজনীয়তা আছে। ১০) ডিভিশনে একটি করে মহিলা থানা। ১১) ক্রাইম এবং ক্রিমিনাল ট্র্যাকিং নেটওয়ার্ক অ্যান্ড সিস্টেম চালু করতে হবে। ১২ ) আমডাঙা এবং আসানসোলের মতো ঘটনা যেন না ঘটে। ঘটলে আমি (মুখ্যমন্ত্রী) নিজে থানায় গিয়ে বসে দেখিয়ে দেব কী করে কাজ করতে হয়। ১৩) হিংসার মতো ঘটনা যাঁরা ঘটাবেন তাঁদের শাস্তি আর যাঁরা শান্তির পথে বাধা দেবেন তাঁদের শাস্তি আলাদা হবে। ১৪) পুলিশ মার খাচ্ছে, এ ধরনের খবর যেন আমার কানে না আসে।
